জাপানে পারমাণবিক চুল্লিতে বিদ্যুত্ সংযোগের চেষ্টা চলছে
জাপানে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রের চুল্লিতে বিদ্যুত্ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। কর্মকর্তারা আশা করছেন, আগামী রোববারের মধ্যে কেন্দ্রটির অন্তত দুটি চুল্লিতে তাঁরা বিদ্যুত্ সংযোগ দিতে পারবেন। এটি সফল হলে চুল্লির শীতলীকরণে পানির পাম্পগুলো চালু করা সম্ভব হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এদিকে পারমাণবিক কেন্দ্রের পরিচালনা সংস্থা টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, তেজস্ক্রিয়তা প্রতিরোধে চুল্লিগুলোকে বালি ও কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া একমাত্র পদক্ষেপ হতে পারে। ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা রুখতে এ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।টেপকো জানিয়েছে, সামরিক হেলিকপ্টার থেকে পানি ছিটানোয় সামান্য উপকার পাওয়া যাচ্ছে। তবে জাপানের পারমাণবিক সংস্থার মুখপাত্র হাইদেহিকো নিশিইয়ামা বলেন, ‘এ পদ্ধতি কতটুকু কার্যকর হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের যে করেই হোক তাপ কমাতে হবে। এ জন্য আমরা বিদ্যুত্ সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সবচেয়ে বিপজ্জনক ও ক্ষতিগ্রস্ত তিন ও চার নম্বর চুল্লিতে রোববারের মধ্যে বিদ্যুত্ সংযোগ দেওয়া সম্ভব হতে পারে।’নিশিইয়ামা আরও বলেন, ‘কংক্রিট দিয়ে চুল্লি ঢেকে দেওয়ার পরিকল্পনা আমাদের মাথায় রয়েছে। তবে আমরা এখন চুল্লি শীতল করার ওপর জোর দিচ্ছি।’ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো একটি বিশেষজ্ঞ দল নিয়ে আজ টোকিওতে পৌঁছেছেন। তবে তিনি এখনো ঘটনাস্থল সফরে যাননি। আমানোর ঊর্ধ্বতন সহযোগী গ্রাহাম এন্ড্রু জানান, পরিস্থিতি এখনো গুরুতর। তবে গতকাল পর্যন্ত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিমাণের তেজস্ক্রিয়তা রেকর্ড হয়নি।মার্কিন পরমাণু নিয়ন্ত্রণ কমিশনের প্রধান গ্রেগরি জ্যাককো বলেছেন, চুল্লি শীতল করতে আরও কয়েক সপ্তাহ লেগে যাতে পারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তেজস্ক্রিয়তা বিকিরণ এখনো মানব স্বাস্থ্যে জন্য ক্ষতিকর পর্যায়ে পৌঁছায়নি।