জাপানে পারমাণবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভূমিকম্প ও সুনামি-পরবর্তী পারমাণবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এ পরিকল্পনা করছে। টোপকো আজ বুধবার এ কথা জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, টেপকো প্রেসিডেন্ট মাসাতাকা শিমিজু আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি সমাধান করাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে আমরা বিপর্যয়ের কারণে যারা উচ্ছেদ হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া ও যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুত্ ঘাটতি পূরণের চেষ্টা করে যাচ্ছি।’ তবে শিমিজু ব্যর্থতার দায়ভার নিয়ে তাঁর পদত্যাগের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘টেপকো থেকে আমি পদত্যাগ করব কি না—সে ব্যাপারে মন্তব্য করার জায়গা এটি নয়।’জাপানের ইয়োমিউরি পত্রিকা আজ জানায়, পারমাণবিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দুই হাজার ৪০০ কোটি থেকে চার হাজার ৫০০ কোটি ডলারের খসড়া প্রকল্পের পরিকল্পনা তৈরি হচ্ছে।