জাপানে প্রতিশ্রুতি ভঙ্গে ক্ষমতাসীনদের ভরাডুবি
প্রতিশ্রুতি ভঙ্গের রেকর্ড গড়ে জাপানের ভোটারদের চরমভাবে হতাশ করেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি (ডিপিজে)। এ কারণেই পার্লামেন্ট নির্বাচনে দলটির ভরাডুবি ঘটেছে। আর শিনজো আবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পেয়েছে বিপুল বিজয়। বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে। গতকাল রোববার জাপানের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে বেসরকারি ফলাফল ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিম্নকক্ষ চেম্বারে এলডিপি ও তাদের শরিক দল নিউ কমিতো পার্টি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৪৮০ আসনের নিম্নকক্ষে এলডিপি ২৯৪ এবং তাদের শরিক দল নিউ কমিতো পার্টি পেয়েছে ৩১ আসন। অন্যদিকে ডিপিজের আসন ২৩০ থেকে ৫৭টিতে নেমে এসেছে।বিশ্লেষকেরা বলছেন, ক্ষমতাসীন দল প্রতিশ্রুতি ভঙ্গের রেকর্ড গড়েছে। তা ছাড়া অর্থনীতি, ফুকুশিমাসংকট মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে দলটি ব্যর্থ হয়েছে। এ কারণে হতাশ ও বিরক্ত ভোটাররা ব্যালটের মাধ্যমে ক্ষমতাসীন দলকে উপযুক্ত জবাব দিয়েছেন। শিনজো আবের পথও খুব একটা সহজ হবে না; বিশেষ করে অর্থনৈতিক মন্দা ও চীনের সঙ্গে চলমান বিবাদ দক্ষ হাতে সামলাতে হবে তাঁকে।এলডিপির বিপুল জয়ের পর আজ জাপানের শেয়ারবাজার চাঙা হয়ে উঠেছে। আজ সোমবার এক প্রতিক্রিয়ায় শিনজো আবে বলেন, ‘আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন পেয়েছি। তাই আমাদের দায়িত্বের ভারও অনেক।’ এদিকে শিনজো আবেকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, জাপানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন। তবে রক্ষণশীল এলডিপির জয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী চীন।নির্বাচনে প্রধানমন্ত্রী ইউশিহিকো নোদা পরাজয় মেনে নিয়েছেন। তিনি তাঁর দলের প্রধানের পথ থেকেও সরে দাঁড়াবেন। শিনজো আবের এলডিপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ২০০৯ সালে জাপানের ক্ষমতায় এসেছিল ডিপিজে।