জাপানের প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন নাওতো কান। ইতিমধ্যে গতকাল শুক্রবার দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর ফলে দেশটিতে পাঁচ বছরের মধ্যে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী পদে নতুন কারও আসার পথ খুলে গেল। গত মার্চের ভূমিকম্প ও সুনামি-পরবর্তী পরমাণু-বিপর্যয় মোকাবিলা এবং দেশকে নেতৃত্ব দিতে কান ব্যর্থ হয়েছেন বলে জোরেশোরে সমালোচনা শুরু হলে তিনি দলের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।গত জুনে নাওতো কান প্রতিশ্রুতি দিয়েছিলেন, পার্লামেন্টে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাস হওয়ার পর তিনি পদত্যাগ করবেন। গতকালই সেই আইন পাস হয়েছে।ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) আগামী সোমবার দলীয় প্রধান নির্বাচিত করবে। আর নতুন দলীয় প্রধানই হবেন কানের উত্তরসূরি। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে পার্লামেন্টে ভোট হতে পারে।গতকাল ডিপিজের এক বৈঠকে কান পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি দলের আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের কাছে প্রস্তাব দিচ্ছি, আমি ডিপিজের প্রধানের পদ থেকে পদত্যাগ করছি। একজন নতুন নেতা নির্বাচিত হলে আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াব এবং আমার মন্ত্রিসভা পদত্যাগ করবে।’ কানের এ ঘোষণা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রায় ১৫ মাস ক্ষমতায় ছিলেন তিনি। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ভূমিকম্প ও সুনামি-পরবর্তী পারমাণবিক সংকট, রাজনৈতিক দ্বন্দ্ব ও নিজের দলের অভ্যন্তরীণ কোন্দলসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় তিনি সম্ভাব্য সবকিছু করেছেন।কান বলেন, ‘চরম প্রতিকূলতার মধ্যেও আমার ক্ষমতার মধ্যে আমি সবকিছু করেছি। এখন আমি চাই, আপনারা সম্মানিত কাউকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিন।’শিগগিরই পদত্যাগ করবেন—এমন প্রতিশ্রুতি দিয়েই কান গত ২ জুন পার্লামেন্টে আস্থা ভোটে পরাজয় এড়ান। পার্লামেন্টে তিনটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন বলে কথা দিয়েছিলেন। এর মধ্যে শেষ দুটি বিল গতকাল পাস হয়। এর একটি বাজেট নিয়ে ও অন্যটি পুনর্নবায়নযোগ্য জ্বালানি নিয়ে।নতুন প্রধানমন্ত্রীকে দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পুনর্গঠন-প্রক্রিয়া এবং পরমাণু জ্বালানি নিয়ে বিতর্ক-সংকটের সমাধান করতে হবে।ক্ষমতাসীন দলের প্রধান এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে পাঁচজনের মধ্যে প্রতিযোগিতা হতে পারে। এর মধ্যে কানের পদত্যাগের ঘোষণার পরপরই নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা ও অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা। মায়েহারার পেছনে দলের একটা বড় অংশের সমর্থন রয়েছে। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদা ও কৃষিমন্ত্রী মিশিহিকো কানো।২০০৬ সালে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইমুজি পদত্যাগ করার পর ওই বছরের ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সিনজো অ্যাবে। এক বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেন তিনি। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হন বর্তমান ক্ষমতাসীন দল ডিপিজের নেতা ইয়াসো ফুকুদা। পরের বছর ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ফুকুদা সরে দাঁড়ানোর পর ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হন এলডিপির তারো আসো। ২০০৯ সালের ৩০ আগস্ট নির্বাচনে বিশাল ব্যবধানে আবার জয়ী হয় ডিপিজে। ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ইয়োকি হাতোইয়ামা। গত বছরের ২ জুন হাতোইয়ামা পদত্যাগের পর ৮ জুন প্রধানমন্ত্রী হন কান।