জাপানে বন্যায় আড়াই লাখ মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কবল থেকে নিরাপদ স্থানে চলে যেতে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে আজ রোববার এ কথা জানানো হয়েছে।দক্ষিণাঞ্চলীয় কুশু দ্বীপে গত তিন দিনের বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। টেলিভিশনে প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে, ওই দ্বীপের উত্তরাংশের নদীর তীর উপচে পড়া কাদাযুক্ত পানিতে বাড়ি-ঘর ও রাস্তা প্লাবিত হচ্ছে।আরও বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেছে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার থেকে অন্তত সাতজন ব্যক্তি নিখোঁজ রয়েছে।একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, আসো নগরে গত ৭২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটারেরও বেশি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফুকুওকা, সাগা, কুমামোতো ও ওইতা এলাকার ৮৫ হাজার বাড়ির লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশের আওতায় পড়েছে এসব এলাকার অন্তত আড়াই লাখ মানুষ।