জাপানে ভূমিকম্প, এ দেশে হূৎকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা ছিল শুক্রবার। ১১ মার্চ। বেলা দুইটা। আমি তখন কোরআন শরিফ পড়ছিলাম। চিকিৎসক রেজার ফোন পেয়ে টেলিভিশন ছাড়লাম। সুনামির দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। দোয়া পড়তে শুরু করলাম। টোকিওতে ভূমিকম্পের মাত্রা দেখে ভয়ে আমার দুই হাত কাঁপতে লাগল। বোরহানের চেহারা চোখের সামনে ভেসে উঠতে লাগল। একে একে আত্মীয়স্বজনের ফোন আসতে লাগল। প্রতিটা ফোনের আওয়াজই আমাকে হতাশ করল। কারণ, আমি তখন শুধু একটা কাঙ্ক্ষিত ফোনের আশা করছিলাম। ফোনের অপেক্ষা করতে করতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এল। আমার জাপানি বন্ধু সেতোসানকে ফোন করলাম। ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম, টোকিওতে ভয়ের কিছু নেই। মোবাইল ফোন যোগাযোগ বন্ধ। ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সে বলল, ‘তোমার “বোরহান সান” আজ হয়তো যোগাযোগ করতে পারবে না।’ আমার কান্নার স্বর শুনে সে আমাকে বন্ধুর মতোই সাহস দিল। বারবার বলল, ‘তুমি মন খারাপ করলে তোমার বাচ্চারা অসহায় হয়ে যাবে।’ আমি ধন্যবাদ দিয়ে অনেকটা নিশ্চিন্তে বাংলাদেশের খেলা দেখতে লাগলাম। খুবই টেনশনের খেলা ছিল। বাংলাদেশ বনাম ইংল্যান্ড। খেলা শেষ হতেই খুশিমনে আবার সিএনএন দেখতে শুরু করলাম। ক্ষয়ক্ষতি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। সবকিছু বিশ্বাস হতে চাইছিল না। প্রায় রাত নয়টার দিকে বোরহানের ফোন পেলাম। অদ্ভুত আনন্দে বাচ্চাদের ডেকে কথা বলা শুরু করলাম। আমাদের যে কী আনন্দ লাগল।পরের দিন আবার মন খারাপ হয়ে গেল। তেজস্ক্রিয়তার ভয়ে। সবাই শুধু ফোন করে বলছে, বদরুল বোরহান যেন চলে আসে দু-এক দিনের মধ্যেই। আমি নিজেকে অসহায় মনে করলাম। সারাক্ষণ হূদয়ে কম্পন হচ্ছে। উঠতে-বসতে, শুতে, হাঁটতে। বাচ্চার স্কুলে গিয়ে শুনলাম বৃষ্টির আতঙ্কের কথা। সবাই ক্লাসে গিয়ে নিজ দায়িত্বে বাচ্চাদের নিয়ে আসতে লাগল। আমাকে দেখে অনেকেই এগিয়ে এল ভীষণ আগ্রহে, যেন একেকজন একেক কথার মালা আজ আমায় পরাবেন। মনে মনে বলছিলাম, আল্লাহ, বাচ্চাটাকে নিয়ে রাস্তায় যেন পড়ে না যাই। এই আমার বাংলাদেশি বন্ধুরা।আমার দুই বাচ্চা দুই স্কুলে দুই শিফটে পড়াশোনা করছে। ওদের জন্য আমি একা। আমি জাপান ছেড়ে এসেছি সাত বছর। সবারই শুধু একটাই কথা, দেশে তোমার স্বামী কবে আসবে? এ ধরনের জীবনের কোনো মানে হয়? অথচ প্রতিবছরই সে দেশে এসেছে অথবা আমরা গেছি। এই নিয়ে মন খারাপ হলেও পাত্তা দিইনি। এই ভূমিকম্প আমাকে অনেক বেশি দুর্বল করে দিয়েছে। মনেপ্রাণে চাইছি, ও চলে আসুক। চারপাশের কথাবার্তা, দূতাবাস সরানো, পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা—সবকিছুই যেন বলছিল, ‘তোমার জন্য শুধুই আছে কান্না।’ আমি বোরহানকে অনুরোধ করলাম দেশে চলে আসার জন্য। আমি বললাম, তোমার ভয় করে না? সে বলল, ‘সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কিসের ভয়?’ কষ্টের মধ্যেও হেসে দিয়েছি। এখন আমি এই সাহসী ভদ্রলোকের বড় মেয়ে হৈমীর কথা বলছি। আমি ভেবেছিলাম, টেলিভিশনের সব দৃশ্য দেখে সে চাইবে, তার বাবা দেশে চলে আসুক। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। কিন্তু আমাকে অবাক করে সে বলল, ‘তুমি শুধু শুধুই চিন্তা করছ। এখন চলে এলে আব্বুর বন্ধুরা কী বলবে? অফিসে সবার সঙ্গে এত দিন ছিল।’ আমি অবাক? না গর্বিত? কী লিখব? এত ছোট্ট বাচ্চার এত সুন্দর চিন্তা। ওর জন্মস্থান জাপান। আমারও তার কথায় মনে পড়ল জাপানিদের ব্যবহার। কত সাহায্যই না ওরা আমাকে করেছিল। আশ্রয়হীন মানুষগুলোর জন্য কিছু করতে ইচ্ছে করল। ইচ্ছে করল টোকিওতে আমাদের বাসায় এনে অন্তত চারজন জাপানিকে রাখি। এসব চিন্তায় আমার মনের দুশ্চিন্তা অনেকটা কমে গেল।