জাপানে ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে হাসিনা ও খালেদার শোক
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ভূমিকম্প ও সুনামির আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, জাপান সরকার সে দেশের জনগণের মিলিত সহযোগিতায় শিগগিরই এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে। শেখ হাসিনা ভূমিকম্পে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত জাপানবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন।এদিকে, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর শোকবার্তায় জাপানের ভূমিকম্প ও সুনামিতে জীবন নাশ ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছেন। জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে একাত্মতাও প্রকাশ করেছেন তিনি।উল্লেখ্য, উত্তর-পূর্ব জাপানে আজ রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার একটি প্রচণ্ড ভূমিকম্প এবং সঙ্গে ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে বহু মানুষের জীবন নাশ ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। —বাসস, ইউএনবি।