জাপানে লোক পাঠানোর নামে প্রতারণা তদন্ত করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে লোক পাঠানোর নামে প্রতারণার ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গে কোনো রিক্রুটিং এজেন্সি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ওই এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেবে সরকার। আজ রোববার প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। জাপানে লোক পাঠানোর নামে প্রতারণার বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব আজ মন্ত্রণালয়ে রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, জাপানে লোক পাঠানোর নামে কারও কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার সুযোগ নেই। এর আওতায় সাধারণ কোনো মানুষকে জাপানে পাঠানোরও সুযোগ নেই।সচিব আরও বলেন, কেবল দক্ষ লোকজনই জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কো-অপারেশন অরগানাইজেশনের (জিটকো) মাধ্যমে ওই দেশে যেতে পারে। সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। জিটকোর মাধ্যমে জাপানে যাওয়ার জন্য কাউকে কোনো টাকা না দিতেও তিনি অনুরোধ জানান।