জাপানে শিশু পর্নোগ্রাফি চলছেই
চলতি গরমকালের এক ঘটনা। জাপানের কিয়োটোয় তিন ব্যক্তিকে পুলিশ আটক করল শিশুদের অশ্লীল (পর্নোগ্রাফি) ডিভিডি কেনার অভিযোগে। আর এ ঘটনা হয়ে গেল ইতিহাস! কারণ, শিশুদের পর্নোগ্রাফি ডিভিডি কিনে পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা সে দেশে এটাই প্রথম। সেখানে এ আইন এখনো ব্যাপকভাবে চালু হয়নি, যথাযথ বলবত্ তো দূরের কথা। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।শিশু পর্নোগ্রাফি বন্ধে কঠোর আইন প্রণয়নে জাপানের ওপর চাপ বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শিশু অধিকার গোষ্ঠী ও আইনজীবীরা এ দাবি জানিয়ে আসছেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে জাপানকে শিশু পর্নোগ্রাফি তৈরি ও পাচারের আন্তর্জাতিক বন্দর হিসেবে অভিহিত করা হয়েছে। সেখানে এ ব্যাপারে কঠোর আইন না থাকায় তা চলছে দেদার।জাপানের ৪৭টি প্রদেশের মধ্যে একমাত্র কিয়োটোয় শিশু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা ও কারাদণ্ডের বিধান আছে। পাশের নারাতেও শিশু পর্নোগ্রাফি একটি অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে এ অপরাধের জন্য কেবল অর্থদণ্ডের বিধান আছে।শিশু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে ১৯৯৯ সালে তা উত্পাদন ও বিপণন নিষিদ্ধ করে জাপান। একই সঙ্গে অপরাধীদের আর্থিক দণ্ড ও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়। কিন্তু এ আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে কিয়োটো ও নারা ছাড়া জাপানের অন্য সব জায়গায় শিশু পর্নোগ্রাফি চলছে। চলতি বছরের জানুয়ারি কিয়োটোয় শিশু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে অর্থদণ্ড ও সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের একটি আইন কার্যকর করা হয়। জাপানে নিয়োজিত জাতিসংঘের শিশু তহবিলের মুখপাত্র হিরোমাসা নাকাই এ পদক্ষেপকে পার্লামেন্টের মাধ্যমে সারা দেশের জন্য কার্যকরের আহ্বান জানিয়েছেন।জাপানের অনেক আইনপ্রণেতা ও শিশু অধিকার কর্মীরাও মনে করেন, শিশু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে পার্লামেন্টের মাধ্যমে কঠোর আইন চালু করা উচিত। এক জরিপের ফলাফলে দেখা গেছে, জাপানের ৯০ শতাংশ নাগরিক এ ব্যাপারে কঠোর আইনের পক্ষে। কিন্তু ঘন ঘন সরকার পরিবর্তন ও রাজনৈতিক প্রতিপক্ষসহ বিরোধীদের দমনে এ আইনের অপব্যবহার হতে পারে—এসব কারণে পার্লামেন্টে এ আইন পাস হচ্ছে না।