জাপানে ১৬ ডিসেম্বর নির্বাচন
জাপানে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। আগামী ১৬ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ছয় বছরে সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত করতে যাচ্ছে জাপান। বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এ খবর জানিয়েছে।আসন্ন নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নয়, বরং সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও তাঁর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। সম্প্রতি কর বৃদ্ধি ও ফুকুশিমায় পারমাণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঘটনায় প্রধানমন্ত্রী নোদার ওপর আস্থা হারিয়ে ফেলেছে সে দেশের জনগণ।অন্যদিকে শিনজো অ্যাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আগামীতে প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে জাপানের সম্পর্ক আবারও খারাপ হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে জনমত জরিপ বলছে, দেশটির অর্ধেক ভোটার এখনো পর্যন্ত নিশ্চিত নন প্রধানমন্ত্রী হিসেবে তাঁরা সামনে কাকে দেখতে চান। তাই কোনো একক দল নয়; বরং জোট সরকারও গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।