জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আজ বৃহস্পতিবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে।জাপানের রাষ্ট্রীয় এনএইচকে টেলিভিশনের বরাত দিয়ে ডিসকভারি নিউজ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের আইওয়াতে জেলার উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।চলতি বছরের ১১ মার্চ এই একই এলাকায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও পরে সুনামি আঘাত হানে। এতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।জাপানের রাষ্ট্রীয় এনএইচকে টেলিভিশন জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ছয়টা ৫১ মিনিটে এই ভূমিকম্প হয়। এর পরই জাপান সরকার ওই এলাকায় সুনামি-সতর্কতা জারি করে। সতর্কতায় বলা হয়, ওই এলাকায় ৫০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। পরমাণু-বিপর্যস্ত ফুকুশিমায় এখনো সতর্কতা জারি করা হয়নি।স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় আট হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।