জাপানের জন্য প্রার্থনা
ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চুল্লিতে গতকাল মঙ্গলবার বিস্ফোরণ ঘটেছে। পরপর তিনটি চুল্লিতে বিস্ফোরণের পর উত্তর-পূর্ব উপকূলজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে। ফুকুশিমার প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী টোকিও কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, তা এখনই বলা যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে, তেজস্ক্রিয়তার মাত্রা এখনো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠেনি। আর পরিস্থিতি সামাল দিতে লড়ে যাচ্ছেন পরমাণু বিশেষজ্ঞরা। এ অবস্থার মধ্যে টোকিওতে গতকাল বিকেলে আবারও ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।এ অবস্থায় সারা বিশ্বেই এখন আওয়াজ উঠেছে জাপানের জন্য প্রার্থনার, যে ডাকে সাড়া দিয়েছে ১০২টি দেশ ও ভূখণ্ড এবং ১৪টি আন্তর্জাতিক সংগঠন।স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টা ১০ মিনিটে ফুকুশিমার ২ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এর আগে শনিবার ১ নম্বর চুল্লি এবং সোমবার ৩ নম্বর চুল্লিতে বিস্ফোরণ হয়। এ ছাড়া পাশের ৪ নম্বর চুল্লিটি এখনো জ্বলছে। সেটাতেও যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। ওই কেন্দ্রের ৫ ও ৬ নম্বর চুল্লিও ঝুঁকিতে আছে।জাপানের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, গতকাল বিকেলের দিকে টোকিওতে আবার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। উৎপত্তিস্থল ছিল টোকিও থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাউন্ট ফুজির কাছাকাছি। ভূমিকম্পে টোকিওর বিভিন্ন ভবন কেঁপে ওঠে।ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। প্রতিষ্ঠানটি জানায়, ২ নম্বর চুল্লিতে সম্ভবত হাইড্রোজেন বিস্ফোরণ ঘটেছে। তবে তৃতীয় বিস্ফোরণের পরপরই কেন্দ্রের আশপাশের বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়তার মাত্রা অনেক বেড়ে গেছে, যদিও তা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির মাত্রা থেকে এখনো অনেক কম।টোকিওর নগর কর্তৃপক্ষ গতকাল সকালে জানায়, সেখানে স্বল্প মাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয়েছে। ফুকুশিমার পাশের জেলা ইবারাকিতে তেজস্ক্রিয়তার মাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১০০ গুণ, কানাগাওয়াতে ১০ গুণ, সাইতামাতে ৪০ গুণ ও চাইবা জেলার ইচিহারাতে দুই থেকে চার গুণ বেশি।ফুকুশিমা থেকে টোকিওর দূরত্ব ২১৪ কিলোমিটার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর দিক থেকে আসা বাতাস ফুকুশিমা থেকে তেজস্ক্রিয়তা টোকিওর দিকে বয়ে নিয়ে যেতে পারে।সরকারি হিসাবে, ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা ছয় হাজার ৪০০ ছাড়িয়ে গেছে, যে সংখ্যা ১৯৯৫ সালে কোবে শহরের ওপর আঘাত হানা প্রলয়ংকরী ভূমিকম্পের চেয়ে বেশি। বেসরকারি হিসাবে অবশ্য বলা হচ্ছে, মৃতের চূড়ান্ত সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। নিহত লোকজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠই প্রাণ হারিয়েছে সুনামির ঢেউয়ে ভেসে গিয়ে। এর পরের সংখ্যায় আছে ভেঙে পড়া বিভিন্ন ভবনে আটকা পড়ে নিহত লোকজন।দেখা যাচ্ছে, তেজস্ক্রিয়তা জাপানের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও এর অনেকটাই নির্ভর করে যে জায়গায় এর উৎপত্তি, সেখান থেকে কতটা দূরত্বে অবস্থান এবং সেই সঙ্গে বাতাসের গতিবেগের ওপর। আর তাই জাপান সরকারও কিন্তু বলছে না টোকিও কিংবা পার্শ্ববর্তী এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অথবা ভয়াবহ বিপদ জাপানের রাজধানীর ওপর নেমে আসছে। সেই সঙ্গে আবার জাপান ও পশ্চিমের অনেক বিশেষজ্ঞ খোলামেলাভাবেই বলছেন, ফুকুশিমার দুর্ঘটনা চেরনোবিলের আকার ধারণের কোনো আশঙ্কা একেবারেই নেই।অর্থাৎ, পারমাণবিক দুর্ঘটনার বেলায় যাকে সম্পূর্ণ ‘মেল্ট ডাউন’ বা পরিপূর্ণ বিস্ফোরণ বলা হয়, ফুকুশিমায় সে রকম কিছু ঘটছে না। সেখানে যা ঘটছে, তা হলো আংশিক মেল্ট ডাউন, অর্থাৎ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লেও ব্যাপক আকারে তা ছড়াবে না। অন্যদিকে আবার চেরনোবিলের বেলায় পুরো ইউরোপ যেমন তেজস্ক্রিয়তায় কলুষিত হয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল, যা কিনা পরবর্তীকালে অনেকাংশেই ‘অযৌক্তিক আতঙ্ক’ প্রমাণিত হয়, ফুকুশিমার বেলায় কিন্তু জাপানের প্রতিবেশীরা তেমন কোনো আতঙ্কের আগুনে বাতাস দিচ্ছে না।হ্যাঁ, বিষয়টি নিয়ে বিতর্ক জাপানের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে ইতিমধ্যে শুরু হয়েছে। তবে সেই বিতর্কের কেন্দ্রে যে বিষয়টি রয়েছে, তা কোনো অবস্থাতেই প্রতিবেশী দেশ থেকে বাতাসে উড়ে আসা তেজস্ক্রিয়তায় কলুষিত হয়ে পড়ার আশঙ্কা বা ভয় নয়, বরং সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আদৌ নিরাপদ কি না, সেই প্রশ্ন। বাংলাদেশেও মনে হয়, দূতাবাস সরিয়ে নেওয়া কিংবা যুক্তিহীন এ রকম নানা বিষয় উত্থাপন করার বদলে যে প্রশ্ন নিয়ে বিতর্ক শুরু করা দরকার তা হলো, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন আমাদের শুরু করা উচিত হবে কি না। সরকার ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে এ বিষয়ে চুক্তি সই করলেও জাপানের সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে এ নিয়ে নতুন করে নাগরিক বিতর্ক শুরু হওয়াটাই অনেক বেশি যুক্তিসংগত। জাপানকে যে ব্যবস্থা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, বাংলাদেশ তা হেসেখেলে সামাল দিতে পারবে, সে রকম ভেবে নেওয়া আদৌ শুভবুদ্ধির পরিচায়ক নয়।অন্যদিকে জাপানের সাম্প্রতিক ত্রিমুখী দুর্যোগ বিশ্বজুড়ে সহানুভূতির যে নজিরবিহীন উদ্দীপনা জাগিয়ে তুলছে, তাকে এককথায় বলা যায় অভূতপূর্ব। জাপানের দুর্দশাকবলিত মানুষের হাহাকার অন্য অনেক দেশের মানুষের চোখও খুব সহজেই ভিজিয়ে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন সম্প্রচার ও সংবাদপত্র এখন নিয়মিতভাবে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ভূমিকম্প আর সুনামির আঘাতে সবকিছু হারিয়ে দিশেহারা, বিভ্রান্ত নারী-পুরুষের আর্তির ছবি ও খবর। ফলে সারা বিশ্বেই এখন আওয়াজ উঠেছে জাপানের জন্য প্রার্থনার, যে ডাকে সাড়া দিয়ে বিশ্বের ১০২টি দেশ ও ভূখণ্ড এবং ১৪টি আন্তর্জাতিক সংগঠন এ পর্যন্ত জাপানের সাহায্যে এগিয়ে আসার প্রতিশ্রুতি সম্পর্কে টোকিওকে সরকারিভাবে জানিয়েছে। কিছুটা দেরিতে হলেও বাংলাদেশও এখন সেই দলে অন্তর্ভুক্ত, যেখানে লক্ষ করার মতো অনুপস্থিতি হচ্ছে সৌদি আরব এবং দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর জোট সার্কের।সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার বাইরে প্রতিদিন বিশ্বের অন্তত ১০টি দেশের নেতা টেলিফোনে কথা বলে সমবেদনা জানাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রীকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও পারেন সে রকম পদক্ষেপ নিতে, যা কিনা একই সঙ্গে তাঁদের হয়তো আরও একটু ভালোভাবে বুঝে উঠতে সাহায্য করবে মাঠপর্যায়ে ঠিক কোন পরিস্থিতি এখন দেশটিতে বিদ্যমান।