জাপানের নির্বাচনে রক্ষণশীল দল জয়ের পথে
জাপানের সাধারণ নির্বাচনে রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হতে চলেছে। দেশটিতে আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়।জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে ওয়ার্ল্ডের পরিচালিত একটি জরিপের ফল বলছে, তিন বছর আগে ক্ষমতা হারানো এলডিপি ৪৮০ আসনের পার্লামেন্টে প্রায় ৩০০টি আসন জিততে চলেছে। এলডিপির মিত্র দল নিউ কোমেইটো পার্টি ৩০টির মতো আসন পেতে যাচ্ছে বলেও জরিপের ফলে জানানো হয়। জরিপে বুথ থেকে বের হওয়া ভোটারদের জিজ্ঞাসা করা হয়, তাঁরা কোন দলকে ভোট দিয়েছেন। এর ভিত্তিতে ফল তৈরি করা হয়।নির্বাচনের সম্ভাব্য ফল বলছে, এলডিপি ও নিউ কোমেইটোর জোট পার্লামেন্টের উচ্চকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। এতে দল দুটি যেকোনো বিল পাস করতে পারবে। অর্থনৈতিক মন্দায় আক্রান্ত দেশটির সংকট কাটাতে যেকোনো উদ্যোগ নিতে পারবে সরকার। ২০০৭ সালের পর থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান ভীষণ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিবিসি জানায়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও এলডিপির নেতা শিনজো আবে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। ১৯৫৫ সাল থেকে ২০০৯ পর্যন্ত এলডিপি প্রায় ৫৪ বছর নিরবচ্ছিন্নভাবে জাপানের ক্ষমতায় ছিল। আবে এর আগে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনের প্রচারাভিযানে আবে ২০ বছর ধরে স্থবির অর্থনীতির সংস্কার, পররাষ্ট্রনীতির পরিবর্তন ও চীনের সঙ্গে কূটনৈতিক সমস্যা সমাধানের ওপরে জোর দেন।জাপানের কিয়োডো বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, নির্বাচনের আগে এলডিপি ও নিউ কোমেইটো দলের জ্যেষ্ঠ নেতারা ঐকমত্যের সরকার গঠনের জন্য আলোচনায় বসেছিলেন। এলডিপির নেতা ইয়োশিহিদে সুগা এনএইচকে ওয়ার্ল্ডকে বলেন, ‘এলডিপি যে নিউ কোমেইটোকে সঙ্গে নিয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’নির্বাচনে এলডিপি সহজ জয়ের দিকে এগিয়ে গেলেও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) অবস্থা খুবই শোচনীয়। বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা ২০০৯ সালে ক্ষমতায় বসেন। নির্বাচনে দলের ভরাডুবির জন্য নোদার কর্মসূচিগুলোকে দায়ী করা হচ্ছে। তিনি বৃহত্ কোম্পানিগুলোর বদলে ভোক্তাস্বার্থ রক্ষার পদক্ষেপ নেন এবং রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণে আমলাদের নিয়ন্ত্রণ কমানোর উদ্যোগ নেন। জরিপের ফলাফল বলছে, নোদার দল ২৭ থেকে ৬৫টি আসন পেতে পারে। ডেমোক্রেটিক পার্টির নেতা কোহেই ওটসুকা এনএইচকে ওয়ার্ল্ডকে জানান, পরাজিত হলে দল ক্ষমতা ছেড়ে দেবে। তবে আশঙ্কা করা হচ্ছে, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা তাঁদের আসন হারাতে পারেন।২০০৯ সালে ক্ষমতায় যাওয়ার পর মধ্যমপন্থী ডিপিজে ভূমিকম্প, সুনামি, পারমাণবিক দুর্ঘটনার মধ্যে ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে পুরোপুরি ব্যর্থ হয়। তবে ভোটাররা বলছেন, সরকারের ‘বিক্রয় কর’ আরোপের সিদ্ধান্ত দলটির পরাজয়ের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে।