জাপানের পরমাণু-সংকট নিয়ন্ত্রণে আসবে নয় মাসের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নয় মাসের মধ্যে জাপানের পরমাণু-সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন। ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টিপকো) পক্ষ থেকে আজ রোববার এ কথা জানানো হয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিপকো) বলেছে, তাদের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী নয় মাসের মধ্যে সংকট নিয়ন্ত্রণে আসবে। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে তেজস্ক্রিয়তা নির্গমন কমিয়ে আনা হবে। এ ছাড়া পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লিগুলো ঠান্ডা করা হবে।টিপকো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লি ভবনটি পুরোপুরি মুড়ে ফেলার বিষয়ে তাঁরা পরিকল্পনা করছেন। গত ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের বেশ কয়েকটি চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এই পরমাণু চুল্লিগুলো থেকে ব্যাপক মাত্রায় তেজস্ক্রিয়তা নির্গত হচ্ছে, যা জাপানকে ভয়াবহ পরমাণু সংকটের মুখোমুখি করেছে।এদিকে জাপান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির পুনর্গঠনে আনুষ্ঠানিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। হিলারি বলেছেন, জাপান সরকারের পরিকল্পনার অধীনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে উভয় দেশ যৌথভাবে পুনর্গঠন কাজে অংশ নেবে।