জাপানের পরমাণু সংকটের ইতিবাচক সমাধানের আশা
জাপানের পরমাণু সংকটের সম্ভবত ইতিবাচক সমাধান হতে যাচ্ছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত কয়েকটি চুল্লিতে গতকাল শনিবারের মধ্যে বিদ্যুৎসংযোগ দেওয়ার কথা ছিল। বিদ্যুৎসংযোগ দেওয়া গেলে পাম্পের মাধ্যমে পানি দিয়ে চুল্লি ঠান্ডা করা সম্ভব হতে পারে। তবে প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, পরিস্থিতি এখনো গভীর উদ্বেগজনক অবস্থার মধ্যে রয়েছে। এদিকে ফুকুশিমার আশপাশের এলাকায় দুধ ও সবজিতে এবং রাজধানী টোকিওসহ বিভিন্ন এলাকার পানিতে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে।জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার এক কর্মকর্তা গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ১, ২, ৫ ও ৬ নম্বর চুল্লিতে আজকের (শনিবার) মধ্যে বিদ্যুৎসংযোগ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এ ছাড়া ৩ ও ৪ নম্বর চুল্লিতে আগামীকাল (রোববার ) বিদ্যুৎসংযোগ দেওয়া সম্ভব হতে পারে।১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা-১ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে চারটি চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অচল হয়ে পড়ে সব কটি চুল্লির শীতলীকরণ ব্যবস্থা। ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে ১, ২ ও ৪ নম্বর চুল্লিতে বিস্ফোরণ হয় এবং তিন নম্বর চুল্লিতে আগুন ধরে যায়। এর পর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার, পুলিশের জলকামান ও দমকল বাহিনীর গাড়ি দিয়ে পানি ঢেলে চুল্লি ঠান্ডা রাখার জন্য দিন-রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কর্মীরা।গতকাল টোকিওতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নাওতো কান বলেন, ‘পরিস্থিতি শেষ পর্যন্ত কী দাঁড়াবে, তা বলা যাচ্ছে না। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, সংকট মোকাবিলায় আমরা সফল হব।’এই অবস্থার মধ্যে জাপানে গতকাল সন্ধ্যায় আবারও ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানায় সে দেশের ভূতাত্ত্বিক সংস্থা। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল ছিল ফুকুশিমা থেকে ৯৮ কিলোমিটার এবং টোকিও থেকে ১৪২ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পে টোকিওর বাড়িঘর কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার কারণে নারিতা বিমানবন্দরে বিমানের ওঠা-নামা সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।বিজ্ঞান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টোকিও, গুনমা, তোচিগি, শিতামা, চিবা ও নিগাতা এলাকায় সরবরাহ করা পানিতে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় আয়োডিন শনাক্ত করা হয়েছে। তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার চেয়েও বেশ কম।সরকারের মুখপাত্র ও মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োকিও এদানো জানান, ফুকুশিমা জেলায় দুধে এবং ফুকুশিমার পাশের জেলা ইবারাকিতে সবজিতে অস্বাভাবিক মাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়েছে।পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের পর সরকার ফুকুশিমা কেন্দ্রের চারপাশে যে ৩০ কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়েছিল এবং ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছিল দুধে ও সবজিতে তেজস্ক্রিয়তা ধরা পড়েছে সেই এলাকার বাইরে। তবে এই দুধ ও সবজি কোথায় থেকে আনা হয়েছে, সেটা খতিয়ে দেখার জন্য ওই দুই জেলার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষমা চেয়ে ফুকুশিমা কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।বিদ্যুৎকেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরের ইজুমিজাকি এলাকার দুগ্ধ ব্যবসায়ী সমিতির সভাপতি হিদাকি মুকাইতসুবো জানান, তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তাঁরা চিন্তিত। তিনি বলেন, ‘আমরা দুধ রপ্তানি একেবারেই বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে কী যে হবে, কিছু বুঝতে পারছি না।’জাপান কৃষি সমিতির ইবারাকি জেলার কর্মকর্তা ইয়ুকিহিরো এবিসাওয়া জানান, চাষিদের খেত থেকে সবজি তুলতে এবং বাজারে বিক্রি না করতে নির্দেশ দেওয়া হবে।এশিয়ার কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন জাপান থেকে আমদানি করা খাদ্যসামগ্রী পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে।