জাপানের প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে জয়ী হয়েছেন
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান আজ বৃহস্পতিবার পার্লামেন্টে অনুষ্ঠিত অনাস্থা ভোটে জয়ী হয়েছেন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ২৯৩-১৫২ ভোটের ব্যবধানে নাকচ করে দিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ভূমিকম্প ও সুনামি-পরবর্তী সংকট মোকাবিলায় কানের ব্যর্থতার অভিযোগ এনে প্রধান বিরোধী দল এলডিপি পার্লামেন্টে ওই অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিল।পার্লামেন্টে অনাস্থা ভোট হওয়ার কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী কান পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কান তাঁর দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন, গত মার্চের ভূমিকম্প ও সুনামি-পরবর্তী সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই তিনি পদত্যাগ করবেন। তবে তিনি পদত্যাগের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি।নওতো কান ২০০৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। গত পাঁচ বছরের মধ্যে তিনি জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী। কান এর আগে বিভিন্ন অনুষ্ঠানে পদত্যাগের বিষয়টি অস্বীকার করে আসছিলেন।