জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। দলটি আগামী সোমবারের মধ্যে নতুন নেতা নির্বাচন করবেন। নির্বাচিত ওই নেতাই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে কানের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘গত ২ জুনের প্রতিশ্রুতি অনুযায়ী, আমি ডিপিজের নেতা হিসেবে পদত্যাগ করছি। নতুন নেতা নির্বাচিত হলেই আমি প্রধানমন্ত্রীর পদও ছেড়ে দেব।’ গত জুনে কান প্রতিশ্রুতি দেন, পার্লামেন্টে গুরুত্বপূর্ণ তিনটি বিল পাস হলে তিনি পদত্যাগ করবেন। আজ ওই বিলগুলো পাস হয়েছে। গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সমালোচনার মুখে পড়েন কান।জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা, বাণিজ্যমন্ত্রী বানরি কেইদা, কৃষিমন্ত্রী মিচিহিকো কানো ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মেহারা। বিবিসি ও সিএনএন।