জাপানের প্রমীলা মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা মহিলা বিশ্বকাপ নতুন করে চিনিয়েছে হোমারে সাওয়াকে। জাপানের এই মহিলা মিডফিল্ডারকে নিয়ে লিখেছেন শাহরিয়ার ফিরোজহোমারে সাওয়া। নামটা কি পরিচিত লাগছে? লাগতে পারে, যদি আপনি মেয়েদের ফুটবলের একনিষ্ঠ অনুসারী হয়ে থাকেন। এ দেশে সেটি আর কজন! তাই ধরেই নেওয়া যায়, হোমারে সাওয়া নামটি উচ্চারণ করতে করতে আপনি মাথা চুলকাচ্ছেন।মেয়েদের ফুটবলের কথা যখন বলা হয়ে গেছে, এটা অনুমান করা কঠিন নয় যে, ফুটবলারই হয়তো হবেন। সারা বিশ্ব চেনে, এমন প্রমীলা ফুটবলার বলতে তো মোটামুটি তিনটি নামই আসে—মিয়া হ্যাম, মার্তা ও বির্জিত প্রিঞ্জ। এদের পাশে এখনই নাম লেখার মতো নয়। তবে সম্ভাবনার কথা বললে ব্যাপারটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। হোমারে সাওয়ারের হাতে অবশ্য খুব বেশি সময় নেই। জার্মানিতে মাত্রই শেষ হওয়া ফিফা মহিলা বিশ্বকাপে চেনালেন নিজেকে। কিন্তু বয়স যে এখনই ৩২। একটু বেশি বয়সেই বিশ্বকে চমকে দিয়ে মহিলা বিশ্বকাপের শিরোপা জেতালেন জাপানকে। নিজে জিতলেন ফুটবলারদের স্বপ্নের দুটি পুরস্কার—সোনার বল ও বুট!এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার হোমারে সাওয়ার কাছে। তাঁর প্রতিক্রিয়াতেও এরই ছাপ, ‘বিশ্বাসই হচ্ছে না। কখনো কখনো মনে হয়, স্বপ্ন দেখছি না তো! আসলে এমন সাফল্যের কথা স্বপ্নেও ভাবিনি।’ ভাববেন কীভাবে! ১৮ বছরের ক্যারিয়ারে এর আগে চারটি বিশ্বকাপ খেলেছেন। গোল পেয়েছেন মাত্র ৩টি। সেই সাওয়াই এবার করলেন ৫ গোল। যার মধ্যে আছে একটি হ্যাটট্রিকও!মহিলা বিশ্বকাপের এক আসরে ১০ গোল করারও রেকর্ড আছে। সে হিসেবে সাওয়ার গোল সংখ্যাটা এমন কিছু নয়। তবে গোল সংখ্যা তো সামান্যই বোঝাতে পারছে তাঁকে। টুর্নামেন্টজুড়েই ছিলেন দলের মধ্যমণি। সেমিফাইনাল ও ফাইনালে পিছিয়ে পড়া জাপান যখন গোলের জন্য মাথা কুটে মরছে—তখনই গোল করে উদ্ধার করেছেন দলকে। আর টুর্নামেন্টজুড়েই তো সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন।ছোট ছোট পাসের বুননে খেলে জাপান। বল নেওয়া-দেওয়া করে চড়াও হয় প্রতিপক্ষের ওপর। বিশ্বকাপের জাপানের সঙ্গে বার্সেলোনার মিল খুঁজে পেয়েছেন অনেকে। লিওনেল মেসি যেমন বার্সেলোনার প্রাণভোমরা, জাপান দলে হোমারে সাওয়াও তা-ই। দলের ক্রান্তিকালে নিজে গোল করেন, সতীর্থদের দিয়ে গোল করান। বিনি সুতোর মালা হয়ে মাঠে গেঁথে রাখেন পুরো দলকে।জাপান বিশ্বকাপ জিতেছে এবং এই জয়ে তাঁরই বড় ভূমিকা বলেই হোমারে সাওয়াকে নিয়ে এখন আলোচনাটা বেশি হচ্ছে। কিন্তু তাঁর ফুটবল মেধা যে সহজাত, সেটির প্রমাণ পাওয়া গেছে অনেক আগেই। নইলে কি আর মাত্র ১২ বছর বয়সে জাপানের পেশাদার মহিলা ফুটবলে অভিষেক হয় তাঁর!মাত্র ছয় বছর বয়সেই খেলা শুরু। বড় ভাই ফুটবল খেলতেন। পাশে থেকে তাঁর অনুশীলন দেখত পিচ্চি সাওয়া। একদিন দলের কোচ জিজ্ঞেস করলেন, কিক নিতে পারো? গোলে কিক নাও, দেখি!মুখে উত্তর না দিয়ে পিচ্চি মেয়ে এগিয়ে গেল বলের দিকে। তার শটে পরাস্ত গোলরক্ষক!ওই দিনই বোঝা গিয়েছিল, লেগে থাকলে এই মেয়ে একদিন বড় ফুটবলার হবে। তখন জাপানে মেয়েদের ফুটবলের খুব একটা চল ছিল না। ছেলেদের সঙ্গেই তাই খেলতেন সাওয়া। স্থানীয় নামী এক বালকদের দলেও ঢুকে গেলেন। সাফল্যের ধারাবাহিকতায় মাত্র ১২ বছর বয়েসে অভিষেক জাপানের সর্বোচ্চ মহিলা পেশাদার লিগে। তিন বছর পরই ডাক পড়ে জাতীয় দলে।আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ১৯৯৩ সালে। অপরিণত একটা মেয়েকে মাঠে ঠেলে দেওয়া হলো কি না—তাঁকে মাঠে নামার পর কোচ এমন সংশয়ে ভুগে থাকলেও সেটি দূর হয়ে যেতে বেশিক্ষণ লাগেনি। মাঠে নেমেই যে নিজেকে চিনিয়ে দিলেন সাওয়া। গুনে গুনে গোল করলেন চারটি। ওই ম্যাচের পর থেকেই হয়ে গেলেন দলের মধ্যমণি। সেই ভূমিকা আর বদলায়নি। জাপানের হয়ে সর্বোচ্চ ১৭৩ ম্যাচ এবং ৮০ গোল—দুটি রেকর্ডই এখন তাঁর দখলে। অথচ স্ট্রাইকার নন, তিনি দলের মিডফিল্ডার।২০০৪ সালে হয়েছেন এশিয়ার বর্ষসেরা মহিলা ফুটবলার। ২০০৬ সালে জাপানের লিগ সেরা। আগের সব স্বীকৃতিকেই ছাড়িয়ে গেছে বিশ্বকাপের সোনার বল-বুট জয়। বিশ্বকাপ শেষেই অবসরে যাওয়ার একটা ইচ্ছা ছিল তাঁর। কিন্তু আপাতত তা স্থগিত। বিশ্বকাপের সাফল্য আরও একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে তাঁর কাঁধে। জাপান এখন স্বপ্ন দেখছে অলিম্পিকে মহিলা ফুটবলে সোনা জয়ের। সাওয়াই হতে পারেন সেই স্বপ্ন পূরণের সারথি।লন্ডন অলিম্পিকের পরই হয়তো তুলে রাখবেন বুট জোড়া। এরই মধ্যে হয়তো মিলেও যেতে পারে ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলারের স্বীকৃতি। না মিললেও একটা জায়গায় টানা পাঁচবারের ফিফা বর্ষসেরা মার্তার চেয়ে এগিয়েই থাকবেন। মার্তা তো কখনো বিশ্বকাপ জিততে পারেননি!