পদ্মা সেতুর অর্থায়ন প্রশ্নে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় জাপানের ভূমিকার প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, জাপান শুরু থেকেই বিশ্বব্যাংককে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বাংলাদেশের প্রতি জাপানের এই অবস্থান দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বের প্রতিফলন।অর্থমন্ত্রী গতকাল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে বিদেশি সাংবাদিকদের ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এতে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে জটিলতার অবসান হয়েছে কি না, ব্লুমবার্গের সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম ভাগে বিশ্বব্যাংকের দুটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর শেষ হচ্ছে। এর পরই অর্থায়ন নিয়ে জটিলতার অবসান হবে বলে তিনি আশাবাদী।আইএমএফ-বিশ্বব্যাংক সম্মেলনে বাংলাদেশ কোন কোন বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে, এমন প্রশ্নে অর্থমন্ত্রী আবদুল মুহিত বলেন, বাংলাদেশ গভীর উদ্বেগ নিয়ে লক্ষ করছে, আইএমএফ ও বিশ্বব্যাংক নিম্ন আয়ের দেশগুলোর ব্যাপারে খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। ব্রিক ও আসিয়ানের মতো মাঝারি আয়ের দেশের ওপর তাদের দৃষ্টি অনেক বেশি। তাই বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলোর যে সমস্যা, বরাবরের মতো তা তুলে ধরার মাধ্যমে এসব দেশের দিকে বিশ্বব্যাংক ও আইএমএফের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে বাংলাদেশ। অর্থমন্ত্রী বলেন, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিম্ন আয়ের দেশগুলোকে অনেক বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ফলে আবশ্যকীয় এসব পণ্যের মূল্য আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ করার একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বিশ্বব্যাংক ও আইএমএফকে সামনে রেখেই এ ব্যবস্থা গড়ে উঠতে পারে।দুদকের সঙ্গে বিশ্বব্যাংক বসছে ১৪ ও ১৫ অক্টোবর: আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে ১৪ ও ১৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠকে বসবে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল। প্যানেলের সদস্যরা আগামী রোববার সকালে ঢাকায় পৌঁছাবেন। ওই দিন সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টায় এবং পরদিন একই সময়ে বৈঠক হবে।গতকাল বিকেলে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক ও বর্তমান পরিস্থিতি নিয়ে দুদকের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়। বিশ্বব্যাংকের প্যানেলের সঙ্গে কী কী বিষয়ে কথা হতে পারে, তা নিয়েও বৈঠকে আলোচনা করা হয় বলে দুদক সূত্র জানায়। দুদক সূত্র জানায়, দুদকের সঙ্গে বিশ্বব্যাংকের প্যানেলের দুই দিনের বৈঠকেই তদন্তের পুনঃ রূপরেখা তৈরি করা হতে পারে। বিশ্বব্যাংকের প্যানেলের সদস্যদের কাছে তদন্তের সারমর্ম দেওয়া হবে। তাঁদের মতামত নেওয়া হবে। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের তিনজন হলেন: লুই মরিনো শুকাম্পো, টিমথি টং ও রিচার্ড ওন্ডারম্যান।এদিকে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে তৃতীয় দিনের মতো দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল জিজ্ঞাসাবাদ করে।