জাপানের সঙ্গে বিরোধ মেটাতে বাংলাদেশের সমর্থন চাইল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে একটি দ্বীপের মালিকানা নিয়ে টোকিওর সঙ্গে বিরাজমান বিরোধ মেটাতে ঢাকার সমর্থন চায় বেইজিং। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াং ঝাওহুই আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দ্বীপের মালিকানা নিয়ে এশিয়ার দুই বৃহত্ অর্থনৈতিক শক্তির বিরোধপূর্ণ অবস্থানের পরিপ্রেক্ষিতে আজ চীনা দূতাবাসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জনবসতিহীন দ্বীপের মালিকানা প্রশ্নে চীনকে সমর্থন জানাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন ইয়াং ঝাওহুই। পূর্ব চীন সাগরের ওই দ্বীপের আশপাশে সমুদ্র-তলদেশে তেল-গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়। চীনের দাবি, ‘দিয়াওইউ’ নামের দ্বীপটি তাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। আর জাপানে ‘সেনকাকু’ হিসেবে পরিচিত দ্বীপটি নিজেদের বলে দাবি করছে জাপান। ঢাকায় চীনের জ্যেষ্ঠ কূটনীতিক ইয়াং ঝাওহুই জানান, ১৮৯৫ সালে চীন-জাপান যুদ্ধের পর টোকিও একতরফাভাবে ওই দ্বীপের মালিকানা নিয়ে নেয়। আর চলতি মাসের শুরুতে জাপান দ্বীপটি ব্যক্তিমালিকানা থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। জাপানের এ পদক্ষেপকে পুরোপুরি অবৈধ আখ্যায়িত করে তিনি বলেন, ‘জাপান যে দিয়াওইউ দ্বীপটি চুরি করেছে, এ সত্য বদলে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমাদের প্রত্যাশা থাকবে, জাপান তার ভুল শুধরে নেবে।’ এ পরিস্থিতিতে চীন কী করবে জানতে চাইলে ইয়াং ঝাওহুই বলেন, নিজেদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার দায়িত্ব প্রতিটি সরকারের সর্বজনীন অধিকার। তাই নিজের ভূখণ্ড রক্ষার স্বার্থে যেটা করা প্রয়োজন, সেটাই করবে চীন।আজ সংবাদ সম্মেলনে ঐতিহাসিক ও আইনি প্রমাণ উপস্থাপন করে চীনের জ্যেষ্ঠ ওই কূটনীতিক দাবি করেন, ১৯৭০ সালে দুই দেশের শীর্ষ নেতৃত্ব শান্তি ও বন্ধুত্বের চুক্তি সইয়ের সময় অঙ্গীকার করেছিলেন, ‘দিয়াওইউ দ্বীপের মালিকানা নিষ্পত্তির বিষয়টি ভবিষ্যতের জন্য তুলে রাখা হলো।’ এদিকে জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, দিয়াওইউ দ্বীপটি তাদের কাছে সেনকাকু নামে পরিচিত। আর এটি তাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। এ ব্যাপারে আজ ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গণমাধ্যমে পাঠানো চিঠিতে বলেন, ঐতিহাসিক নানা তথ্য-উপাত্তে প্রমাণিত যে দ্বীপটি জাপানের। ১৯৭০ সালে জাতিসংঘ এক সমীক্ষা চালানোর পর থেকেই চীন দ্বীপটির মালিকানা দাবি করছে। কারণ, ওই সমীক্ষায় দ্বীপের আশপাশে তেল-গ্যাসের উপস্থিতির সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ুক, এটা জাপান চায় না। দুই দেশের অভিন্ন কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নিবিড় করতে চায়।