জাপানের সঙ্গে সম্পর্ক স্থাপনের বার্ষিকী বাতিল করেছে চীন
জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তির অনুষ্ঠান বাতিল করেছে চীন। দ্য গার্ডিয়ানের খবরে আজ রোববার বলা হয়, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে পূর্ব চীন সাগরে একটি দ্বীপপুঞ্জকে নিয়ে জাপানের সঙ্গে চলমান বিবাদকে জিইয়ে রাখল চীন।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিরোয়াকি সাকামোতো নিশ্চিত করেছেন, চীন আসছে বৃহস্পতিবারের অনুষ্ঠান বাতিল করেছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।চীন-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এবং আরেকটি সরকারি সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া আজ জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী কোনো অনুষ্ঠান হবে না। তবে ‘যথাযথ সময়ে’ সব অনুষ্ঠিত হবে।গার্ডিয়ানের খবরে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন করে কোনো জবাব মেলেনি। তবে বিকেলে চীনের সরকারি টেলিভিশনে জানানো হয়, অনুষ্ঠানের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে।পূর্ব চীন সাগরে কিছু দ্বীপের মালিকানা দাবি করে সম্প্রতি চীন ও জাপান বিবাদে জড়িয়েছে। দ্বীপপুঞ্জের ওপর তাইওয়ানের দাবিও আছে।তাইওয়ানের রাজধানী তাইপেতে আজ হাজার হাজার মানুষ দ্বীপগুলোতে জাপানি দখলদারির প্রতিবাদে মিছিল করেছে। বিক্ষোভকারীরা সে সময় জাপানবিরোধী স্লোগান দেয়। তাঁরা জাপানকে স্বত্ব ত্যাগ করার আহ্বান জানায়।জাপান সরকার গত মাসে ওই দ্বীপগুলো সেখানকার বাসিন্দাদের কাছ থেকে কিনে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর চীনে জাপানবিরোধী বিক্ষোভ শুরু হয়।তাইওয়ানের একদল মত্স্যজীবী আজ জানিয়েছেন, সমুদ্রে মত্স্য আহরণক্ষেত্র হারানোর প্রতিবাদে আগামীকাল সোমবার তাঁরা প্রায় ৬০টি নৌকা নিয়ে ওই দ্বীপগুলোতে যাবেন।জাপানের সঙ্গে সরাসরি কোনো বিরোধে জড়াতে আগ্রহী নয় তাইওয়ানের সরকার। এ কারণে দেশটি বেশ সতর্কতার সঙ্গে এগোচ্ছে।