জাপানের সম্রাট আকিহিতো হাসপাতালে (ভিডিও)
জাপানের সম্রাট আকিহিতো হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি করতে আজ শুক্রবার টোকিওর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্মকর্তা এবং অপেক্ষমাণ সংবাদকর্মীরা সম্রাটকে অভ্যর্থনা জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।৭৮ বছর বয়স্ক সম্রাট আকিহিতো গত বছর থেকে হৃৎপিণ্ডের চিকিত্সা নিচ্ছেন। কাল শনিবার পাঁচ ঘণ্টা ব্যাপী তাঁর বাইপাস সার্জারি হবে। আজ সকালে টোকিও বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে গেলে সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা সম্রাটকে শুভেচ্ছা জানান এবং দ্রুত তাঁর আরোগ্য কামনা করেন। সুহারা কাগিয়ামা নামের এক শুভাকাঙ্ক্ষী বলেন, ‘আমি আন্তরিকভাবে সম্রাটের পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আর এ জন্যই আজ এখানে এসেছি’।সম্রাটের শুভ কামনা করে শুভাকাঙ্ক্ষীদের বার্তা লেখার জন্য হাসপাতালে একটি বই রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে দুই সপ্তাহের মধ্যে সম্রাট সুস্থ হয়ে উঠবেন। আর তত দিন পর্যন্ত শুভ কামনা জানানোর বইটি হাসপাতালে রাখা হবে।