জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার টোকিওতে জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে রাজপ্রাসাদে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর জাপান সফর সম্পর্কে সম্রাটকে অবহিত করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, জাপানের সম্রাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।আজাদ বলেন, জাপানের সম্রাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এসব কর্মসূচির উচ্ছ্বসিত প্রশংসা করেন। সম্রাট আকিহিতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার ভূমিকা এবং বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য অর্জনে তাঁর উদ্যোগের প্রশংসা করেন।সম্রাট আকিহিতো ১৯৭৫ সালে জাপানের যুবরাজ হিসেবে তাঁর বাংলাদেশ সফর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা সুবিধাজনক সময়ে সম্রাট আকিহিতোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।—বাসস