জাপানের সাহায্য না পেলেও পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, জাপানের আর্থিক সাহায্য বন্ধ হলেও পদ্মা সেতুর নির্মাণকাজ বাধাগ্রস্ত হবে না; বরং এ সরকারের আমলেই সেতুটির নির্মাণকাজ শেষ হবে। গতকাল রোববার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। জাপানে প্রাকৃতিক দুর্যোগের জন্য পদ্মা সেতুর নির্মাণকাজে প্রতিশ্রুত অর্থ আদৌ বাংলাদেশ পাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। সম্প্রচার (ব্রডকাস্ট) নীতিমালা সম্পর্কে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, ১৯৯৮ সালের ব্রডকাস্ট নীতিমালাটিকে সংশোধন ও পরিমার্জন করা হবে। তিনি জানান, বিএনপির আমলে বাংলাদেশের যে ভাবমূর্তির সংকট ছিল এখন সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সরকার জনশক্তিকে বহির্বিশ্বে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের এর উদ্যোগ নিচ্ছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় চার নেতা হত্যা মামলা ও গ্রেনেড হামলার মতো আলোচিত হত্যা মামলাগুলোর সুরাহা করতে চায় বলেও তথ্যমন্ত্রী জানান। সফরকালে তথ্যমন্ত্রী যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মিসভায় যোগ দেন।