জাপার অভিনন্দন, জামায়াতের সাধুবাদ ও সিপিবির সতর্কবাণী
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের পক্ষে রায় পাওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন সংগঠন। এর পাশাপাশি ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি জানায় সংগঠনগুলো।মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।আজ শুক্রবার সিঙ্গাপুর থেকে পাঠানো এক বার্তায় মহাজোটের শরিক এরশাদ এ প্রতিক্রিয়া জানান। দলের পক্ষ থেকে জাপা চেয়ারম্যানের এ প্রতিক্রিয়া গণমাধ্যমে পাঠানো হয়। এরশাদ চিকিত্সার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন।এরশাদ বলেন, এ রায়ের সাফল্য বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। রায়ে সমুদ্রসীমায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়েছে।এরশাদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ের ফলে গভীর সমুদ্রে তেল-গ্যাসসহ বাংলাদেশের সামুদ্রিক সম্পদের দাবি প্রতিষ্ঠিত হলো এবং সমুদ্রের জলরাশির নিচে সঞ্চিত সম্পদ আহরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভীত মজবুত হয়ে উঠবে। এদিকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের শরিক জামায়াতে ইসলামী সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় ভূমিকা রাখার জন্য সরকারকে ‘সাধুবাদ’ জানিয়েছে। একই সঙ্গে এ মামলায় যাঁরা আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন, তাঁদেরও অভিনন্দন জানায় দলটি।আজ এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিনন্দন জানান। তিনি বলেন, এ রায় বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন। বাংলাদেশের জনগণ এ রায়ে আনন্দিত ও গর্বিত। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় সরকারের ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো, সরকার আন্তরিক হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’জামায়াতের এই নেতা বলেন, ‘সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধের যে মামলার রায় ২০১৪ সালে হওয়ার কথা, তাতেও বাংলাদেশ সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।’ এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের জমি, দক্ষিণ তালপট্টি ও হাড়িয়াভাঙ্গা দ্বীপ জোর করে দখল করে রাখা, অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে ভারতের মোকাবিলা এবং কূটনৈতিক তত্পরতা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমুদ্রসীমা নিয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি দেশের তেল-গ্যাসসহ অন্যান্য সম্পদ রক্ষার জন্য সরকারকে সতর্ক করে দিয়েছে।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম আজ এক বিবৃতিতে এই রায়ে গভীর সন্তোষ ও আনন্দ জানান। তাঁরা বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের সফল নিষ্পত্তির মতোই ভারতের ক্ষেত্রেও বাংলাদেশ সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলে আশা করি। দুই নেতা সরকারকে এই বলে সতর্ক করে দেন যে, ট্রাইব্যুনালের রায়ে অর্জিত সমুদ্রসীমায় মত্স্য, তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ যা আছে, তাতে বহুজাতিক কোম্পানিগুলোকে ভাগ বসাতে দেওয়া যাবে না। কনকো-ফিলিপসসহ বহুজাতিক কোম্পানির সঙ্গে করা সব অসম চুক্তি বাতিল করতে হবে।পৃথক বিবৃতিতে বাংলাদেশ গণ-আজাদী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বাংলাদেশের সমুদ্র-জয়ে ভূমিকা রাখার জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছে।