জাপার বৈঠকে বিএনপির পক্ষে কাজ করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এরশাদের বৈঠকের পরও গাজীপুরের নেতা-কর্মীরা বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষেই কাজ করবেন। গাজীপুর জেলা ও পৌর জাতীয় পার্টির (জাপা) নেতারা গতকাল শনিবার বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে আওয়ামী লীগের নেতারা এখনো আশা করে আছেন, জাপা তাঁদের পক্ষে নামবে।দুই দলের এই টানাটানির মাঝে জাপা নেতারা আছেন মহা আনন্দে। তাঁদের দাবি, গাজীপুরে তাঁদের এক-দেড় লাখ ভোটার আছেন। সিটি করপোরেশন নির্বাচনে এই ভোট যেকোনো প্রার্থীর জয়-পরাজয়ে ভূমিকা রাখবে।গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির জেলা সভাপতি কাজী মাহমুদ হাসান মেয়র পদে প্রার্থী হলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যান। এর পরই জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী বিএনপির প্রার্থীর পক্ষে কাজ শুরু করেন। তবে মাহমুদ হাসান কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেননি। এরই মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠক করেন। জাপা সূত্রে জানা যায়, এ সময় গাজীপুর নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন চান প্রধানমন্ত্রী। এরশাদ এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। এরপর দুই দিন পেরিয়ে গেলেও মাহমুদ হাসান আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। এমন পরিস্থিতিতে গতকাল জেলা ও সাবেক গাজীপুর পৌরসভার আটটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গতকাল সকালে মাহমুদ হাসান তাঁর বাসায় জরুরি বৈঠক করেন। জেলার নেতারা জানান, বৈঠকে জাপার সব নেতা-কর্মী ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের জন্য কাজ করার পক্ষে মত দেন। তাঁরা বলেন, জাতীয় পার্টি গত সাড়ে চার বছরে কিছুই পায়নি। তা ছাড়া সরকারের জনপ্রিয়তাও নেই। বিশেষ করে চার সিটি করপোরেশনে আওয়ামী লীগের ভরাডুবির পর তাদের আর সমর্থন দেওয়া যায় না। কাল সোমবার সংবাদ সম্মেলন করে বিএনপির প্রার্থীকে সমর্থনের বিষয়টি জানানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।বৈঠকে উপস্থিত গাজীপুর পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৪ দলের সঙ্গে সাড়ে চার বছর ছিলাম। কিন্তু কিছুই পাইনি। নেতা-কর্মী-সমর্থকেরা এখন ক্ষুব্ধ। এসব কারণে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, ১৮ দলের প্রার্থীর পক্ষে কাজ করব।’ একই মন্তব্য করেন গাজীপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী।বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি কাজী মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আগেই বলেছিলাম, এই নির্বাচনে আমি কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেব না। তবে জেলা ও পৌরসভার সব নেতা ১৮ দলের প্রার্থীর সঙ্গে থাকার পক্ষে মত দিয়েছেন। আর সবাই যেখানে থাকছেন, আমারও সেখানেই থাকা উচিত। ১ জুলাই সংবাদ সম্মেলন করে আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেব।’তবে আজমত উল্লার নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টির একাংশ আমাদের সঙ্গে রয়েছে। অন্যরাও আমাদের সঙ্গে চলে আসবে।’ জাতীয় পার্টির নেতারা তো বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন—এ কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন।