জাপার সাংসদ কাদের খানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টির সাংসদ মো. আবদুল কাদের খানের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৮৫ মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চারটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা গতকাল সোমবার সুন্দরগঞ্জ থানায় মামলাগুলো করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংসদ কাদের খান ২০০৯-১০ অর্থবছরে ৬৮টি টিআর প্রকল্প কমিটি গঠন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, শৌচাগার, শহীদ মিনার, মন্দির ও মসজিদ সংস্কারের বিপরীতে ২৭০ মেট্রিক টন খাদ্যশস্য নিজের নামে বরাদ্দ নেন। ওই খাদ্যশস্যের মূল্যমান প্রায় ৪০ লাখ টাকা। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো প্রকল্প ও কমিটির অস্তিত্ব প্রাথমিক তদন্তে খুঁজে পায়নি দুদক। বরাদ্দ করা বিপুল পরিমাণ খাদ্যশস্য সাংসদ কাদের খান আত্মসাৎ করেছেন।সাংসদ ও তাঁর অপর তিন সহযোগীর বিরুদ্ধে আরও তিনটি পৃথক মামলা করেছেন দুদকের কর্মকর্তা জহিরুল হুদা। তিনটি মামলায় বলা হয়েছে, সাংসদ কাদের খান, কিসামত হলদি উচ্চবিদ্যালয়ের ঘর সংস্কার প্রকল্প কমিটির সভাপতি এ জে এম শামসুজ্জোহা, জরমন্দি বালিকা উচ্চবিদ্যালয়ের ঘর সংস্কার প্রকল্প কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, খবির উদ্দিন মহাবিদ্যালয়ের মেঝে সংস্কার প্রকল্প কমিটির সভাপতি মো. আবদুল গফুর মণ্ডলসহ চারজন তিনটি প্রকল্পের বিপরীতে ১৫ মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাৎ করেছেন, যার আর্থিক মূল্যমান দুই লাখ ৭৫ হাজার টাকা।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক রংপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে।সাংসদ আবদুল কাদের খানের বক্তব্যের জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া গেছে।