জাফলং মামার দোকানের রাস্তার বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা ফেলার জায়গা নেই, চারদিকে কাদাপানি। ছোট মেয়েটার হাত ধরে সন্তর্পণে হাঁটছিলেন ঢাকার ধানমন্ডি এলাকার ব্যবসায়ী আফজাল হোসেন। চোখেমুখে বিরক্তি ছড়িয়ে বলনে, ‘এমন জানলে, জাফলংয়ে আসতাম না। পর্যটন এলাকার রাস্তার এমন করুণ অবস্থা হতে পারে ভাবা যায় না।’গত ২৯ সেপ্টেম্বর বিকেল চারটা। তখন ছিল ঝকঝকে রোদ অথচ সকালে একটু বৃষ্টি হতেই রাস্তার বড় বড় গর্তগুলো ভরে যায় কাদাজলে। উপস্থিত দু-একজন জানালেন, এ রকম বিপত্তি নিত্যনৈমিত্তিক ব্যাপার। সিলেটের জাফলং মামার দোকানের রাস্তার এমন বেহাল দশা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে জানালেন বাজারের লোকজন। এলাকার মানুষের অভিযোগ, জাফলংয়ের রাস্তা সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে ধরনা দেওয়া, মানববন্ধনসহ অনেক আন্দোলন-সংগ্রাম করা হয়েছে, কিন্তু আজ অবধি রাস্তার মেরামত কাজ শুরু হয়নি। স্থানীয় প্রশাসন, এমনকি সাংসদও এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। কিন্তু তা কবে হবে এলাকাবাসী জানেন না।স্থানীয় ব্যবসায়ী মিনহাজ আহমদ বলেন, ‘জাফলংয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। কিন্তু রাস্তার দুর্ভোগের কারণে তাঁদের ভ্রমণ হরিষে বিষাদ হয়ে ওঠে।’ জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজ আহমদ বলেন, ‘শুধু মামার দোকানের রাস্তা নয়, গোটা জাফলং বাজারের রাস্তার অবস্থা শোচনীয়। জরুরি রাস্তার কাজ করা উচিত। জাফলংয়ের মতো জায়গার এমন দুরবস্থা মেনে নেওয়া যায় না।’ গোয়াইনঘাট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দেবব্রত ভট্টাচার্য বলেন, ‘জাফলং বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র। অথচ পুরো জাফলংয়ের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের জন্য কেউ এগিয়ে আসছে না। এটা সত্যিই পরিতাপের বিষয়।’ জাফলং আমীর মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার আহমদ বলেন, ‘একটু বৃষ্টি হলেই অপরিকল্পিত রাস্তার কারণে জাফলং বাজারে বন্যা হয়ে যায়। পর্যটক, বিদ্যালয়ের শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা সবাইকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ জাফলং অগ্রণী ব্যাংকের ম্যানেজার জোতিষ তালুকদার বলেন, ‘অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে, জাফলং সিলেটের গুরুতপূর্ণ এক অর্থনৈতিক জোন। সরকারের পাশাপাশি ব্যবসায়ীরা এগিয়ে এলে জাফলংয়ের রাস্তা সমস্যার আশু সমাধান হয়ে যাবে।’ উপজেলা প্রকৌশলী এইচ এম কামরুজ্জান বলেন, ‘জাফলংয়ের রাস্তার দুর্দশার ব্যাপারে আমি ওয়াকিবহাল। সরকারি আদেশ আর বরাদ্দ এলে আমরা কাজ শুরু করব। ’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারেক বলেন, ‘জাফলংয়ের রাস্তা নিয়ে সবার মতো আমিও উদ্বিগ্ন। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। ’ উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘টেকসই রাস্তা না হলে এ সমস্যার সমাধান হবে না। এ ব্যাপারে সাংসদের সঙ্গে আমার কথা হয়েছে। আশা করি কাজ শুরু হবে। ’ স্থানীয় সাংসদ ইমরান আহমদ প্রথম আলোকে বলেন, ‘জাফলংয়ের সঙ্গে সারা দেশের যোগাযোগ রয়েছে। রাস্তার ব্যাপারে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। শিগগিরই জাফলংবাসী এর সুফল দেখতে পাবে।’