জাফলংয়ে মাটিধসে নিহত ৩, আহত ৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটিধসে তিনজন শ্রমিক নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন: রাবণ দাস (৩৫), নিখিল দাস (৪০) ও ভুলু দাস (৪০)। আহত হয়েছেন রঞ্জিত দাস (৩৬), রাজন দাস (৩৫), মিহির দাস (৩৬) ও বকুল দাস (৩৫)। তাঁদের মধ্যে রঞ্জিত দাসের অবস্থা আশঙ্কাজনক। হতাহত সব শ্রমিকের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রত্নারচর গ্রামে। আহত শ্রমিকদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা পৌনে দুইটায় জাফলংয়ের পিয়াইন নদের মন্দিরসংলগ্ন জুমপার পাথর কোয়ারিতে পাথর তোলার সময় কোয়ারির মাটিধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও চারজন। ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।প্রসঙ্গত, সিলেটের পাথর কোয়ারিগুলোতে প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় শ্রমিক মারা যাচ্ছেন। তবে কোয়ারির মালিকেরা ধরাছোঁয়ার বাইরে থাকেন এবং তাঁরা শ্রমিকদের পরিবারকে কোনো রকম সাহায্য-সহযোগিতা করেন না বলে অভিযোগ রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে তিনজন শ্রমিক ও জাফলংয়ে এক শিশুশ্রমিক নিহত হয়।