জাফলংয়ে পাথর উত্তোলনে এবার ‘সিলিন্ডার’
দেখতে পানি উত্তোলন যন্ত্রের মতো। নদীর বুকে জেগে ওঠা চরে গর্ত করে পাইপ বসানো। এ গর্ত অনেকটা গোলচত্বরের আকার ধারণ করা। পাইপ দিয়ে পড়া পানি ছেঁকে বের করা হয় পাথর। মাটির তলদেশের প্রায় ৫০ থেকে ৭০ ফুট গভীর থেকে এভাবে পাথর উত্তোলন করা যন্ত্রের নাম ‘বোমা মেশিন’।পরিবেশ অধিদপ্তর পরিবেশবিধ্বংসী এ যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করায় এর নাম বদলে ফেলেছে পাথর উত্তোলনকারীরা। ‘সিলিন্ডার’ নাম দিয়ে সিলেটের পর্যটন এলাকা খ্যাত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে আবারও শুরু হয়েছে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন। এ অবস্থায় জাফলংয়ের পরিবেশ আবারও দূষিত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদেরা।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত সেপ্টেম্বরের শেষের দিকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা ও পুলিশ প্রশাসন জাফলংয়ে ‘বোমা মেশিন’ উচ্ছেদ অভিযান চালায়। ওই সময় ২২টি ‘বোমা মেশিন’ উচ্ছেদ করা হয়। তবে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন বন্ধ হয়নি।গত মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, জাফলংয়ের আটটি স্থানে বর্তমানে ‘সিলিন্ডার’ দিয়ে পাথর উত্তোলন চলছে। এগুলোর অধিকাংশই দিনে অনেকটা পরিত্যক্ত অবস্থায় থাকলেও রাতে পুরোপুরি সচল থাকে। স্থানীয় প্রশাসনের অগোচরে চলছে পরিবেশ ধ্বংসের এ কর্মযজ্ঞ। সিলিন্ডারের শব্দ বোমা মেশিনের মতোই হচ্ছে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের বল্লাঘাটের একাধিক বাসিন্দা। এতে জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকেরা পড়ছেন শব্দদূষণের কবলে।বাল্লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নূরুন নাহার বলেন, পাথর উত্তোলন যন্ত্রের সঙ্গে অবৈধ পাথর ভাঙার কলের (স্টোন ক্রাশার) কারণে গোটা জাফলংয়ের পরিবেশ দিন দিন বদলে যাচ্ছে।সীমান্তবর্তী ডাউকির কাছে দুটো পাইপ দিয়ে সচল রাখা একটি সিলিন্ডারের চালক সরলভাবেই স্বীকার করেন, মাস দুয়েক আগেও তাঁর এ যন্ত্রের নাম ছিল ‘বোমা মেশিন’। এখন ‘ফোর সিলিন্ডার-থ্রি সিলিন্ডার’ বলে ডাকা হয়।চালকেরা নতুন এ নামকরণের কারণ ব্যাখ্যা করতে রাজি না হলেও একাধিক চালক এক বাক্যে বলেন, মালিকেরা এখন তাঁদের এ নামেই ডাকতে বলেছেন। মালিকদের নাম বলতে রাজি হননি চালকেরা।বল্লাঘাট থেকে একটি বোমা মেশিনের স্থাপনা অন্যত্র সরানোর কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি বলেন, সিলিন্ডারে রূপান্তর করতে তাঁরা স্থানান্তর করছেন।বোমা মেশিন ও সিলিন্ডারের মধ্যে পার্থক্য বোঝাতে নাজির হোসেন নামের একজন চালক বলেন, ‘একই যন্ত্রের সঙ্গে পাইপের সংখ্যা কমিয়ে আনা হয়েছে মাত্র। পাইপের সংখ্যা কম থাকায় শব্দ আগের তুলনায় কম হয়। চার থেকে পাঁচ হাজার টাকায় দৈনিক ভাড়ার সিলিন্ডার অন্তত ১২ ঘণ্টা সচল রাখলে ২০ থেকে ২৫ হাজার টাকার পাথর উত্তোলন করা যায়।’ দিনে ধরপাকড়ের আশঙ্কা থাকায় অধিকাংশ সিলিন্ডার রাতে সচল থাকে বলে জানান নাজির।প্রায় দুই সপ্তাহ আগে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) একটি দল জাফলং পরিদর্শন করে যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের বিষয়টি দেখতে পায়। ওই দলের সদস্য সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনে যন্ত্র ব্যবহার করায় নাম দেওয়া হয়েছিল ‘বোমা মেশিন’। এ যন্ত্র পরিবেশবিধ্বংসী হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ২০০৭ সালে পরিবেশ অধিদপ্তর ‘বোমা মেশিন’ বা যন্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে।করিম বলেন, ‘জাফলংয়ে সচল থাকা পাথর উত্তোলন যন্ত্রগুলো আসলে বোমা মেশিনই। তবে এ নামে না ডেকে সিলিন্ডার বলে প্রচলন ঘটানোর চেষ্টা করছেন বোমা মেশিনচালকেরা।’ বোমা মেশিনের নাম বদলে সিলিন্ডার দিয়ে পাথর উত্তোলন প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যে নামেই ডাকা হোক—কাজ কিন্তু একই। পরিবেশ রক্ষায় আইনত যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ। বিষয়টি পর্যবেক্ষণে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমদ চৌধুরী বলেন, ‘নাম বদল হোক আর না-ই হোক—জাফলংয়ে এখন আর কোনো পাথর উত্তোলনযন্ত্র সচল নেই। প্রশাসনের অভিযানের পর থেকে তা বন্ধ রয়েছে।’ গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, ‘ইদানীং রাতে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে বলে শুনতে পেরেছি। এ ব্যাপারে পুলিশ খোঁজ নেবে।’