জাবিয়াহ শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া গাদ্দাফি বাহিনী, গোলাবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জাবিয়াহ শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী। জাবিয়াহতে গতকাল শনিবার গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিরোধীদের তুমুল লড়াই হয়েছে। এতে উভয় পক্ষে বহু হতাহত হয়েছে। প্রথম দফায় বিরোধীরা প্রতিরোধ করতে পারলেও গতকালই দ্বিতীয়বারের মতো অভিযান চালায় গাদ্দাফির অনুগত সেনারা। তারা ট্যাংক নিয়ে শহরে প্রবেশ করে এবং বাড়িঘর লক্ষ্য করে গোলাবর্ষণ করে। দেশটির উত্তরাঞ্চলের রাস লানুফ শহরে গাদ্দাফির অনুগত ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। লিবিয়ায় গাদ্দাফিবিরোধীদের জোট ন্যাশনাল কাউন্সিলের সদস্যরা গতকাল প্রথমবারের মতো নিজেদের মধ্যে বৈঠক করেছেন। খবর রয়টার্স, এএফপি ও এপি অনলাইনের।জাবিয়াহ শহরে গাদ্দাফিবিরোধীদের মুখপাত্র ইউসুফ সাগান বলেন, ‘সকাল ছয়টার দিকে গাদ্দাফির অনুগত শত শত সেনা ট্যাংক নিয়ে জাবিয়াহ শহরে প্রবেশ করে। আমরাও কঠিন প্রতিরোধ গড়ে তুলি।’ তিনি জানান, গাদ্দাফির সেনাদের ছোড়া গোলায় অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সাধারণ জনগণকে লক্ষ্য করেও সেনারা গুলি ছুড়েছে। দুই পক্ষের তুমুল লড়াইয়ে বেসামরিক জনগণ, বিদ্রোহী ও সরকারি সেনাসহ অনেক মানুষ হতাহত হয়েছে। তবে তিনি হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করতে পারেননি। ইউসুফ দাবি করেন, প্রথমে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা লড়াইয়ে তাঁরাই জয়ী হন। গাদ্দাফির সেনাদের দুটি ট্যাংক ও একটি পিকআপ ভ্যানের দখল নিয়ে তাদের শহর থেকে হটিয়ে দেওয়া হয়। পরে আবার গাদ্দাফির সেনারা শহরের নিয়ন্ত্রণ নিতে হামলা চালানো শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে জাবিয়াহ শহরের একজন চিকিৎসক টেলিফোনে রয়টার্সকে জানান, কমপক্ষে তিনজন বিদ্রোহী সেনা নিহত হয়েছে। নিহত বেসামরিক জনগণের সংখ্যা অনেক বেশি। সাধারণ জনগণ প্রাণভয়ে গাড়িতে করে পালিয়ে যাচ্ছে, এমন গাড়িতেও হামলা চালিয়েছে গাদ্দাফির সেনারা। ওই চিকিৎসক আরও জানান, বোমায় শহরের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক ভবন ও গাড়িতে আগুন জ্বলছে।মোহাম্মদ আহমেদ নামের একজন চিকিৎসক জাবিয়াহর অভিযানকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। তিনি বিভিন্ন স্থানে অন্তত ৭০টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন বলে জানান।আল-অ্যারাবিয়া টেলিভিশন একজন চিকিৎসকের বরাত দিয়ে নিহতের সংখ্যা ১৩ বলে উল্লেখ করেছে। আল-জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে নিহতের সংখ্যা ৫০ বলে জানানো হয়েছে। এতে আহতের সংখ্যা তিন শরও বেশি বলে উল্লেখ করা হয়।গাদ্দাফিবিরোধী সেনা ইব্রাহিম টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘গাদ্দাফি কখনোই জাবিয়াহ শহরে প্রবেশ করতে পারবেন না। এখানে তাঁর পা পড়বে না। এই শহরের নিয়ন্ত্রণ নিতে হলে আমাদের সবাইকে হত্যা করতে হবে।’এদিকে রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, গাদ্দাফির সেনারা জাবিয়াহ শহর থেকে প্রথম দফায় পিছু হটতে বাধ্য হলেও এর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা আবারও শহরে ট্যাংক নিয়ে প্রবেশ করে এবং বাড়িঘর লক্ষ্য করে গোলাবর্ষণ করে।উত্তরাঞ্চলের রাস লানুফ শহরে গত শুক্রবার গাদ্দাফির সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষ হয়েছে। গাদ্দাফিবিরোধীরা দাবি, তারা শুক্রবার রাস লানুফ থেকে সরকারি সেনাদের হটিয়ে দিয়েছে। গতকালও গাদ্দাফির অনুগতদের বিমান লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক আওয়াদ আল কুয়াইরি জানান, দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। বেনগাজি ও আজদাবিয়া শহরে সহিংসতায় আহতদেরও ওই হাসপাতালে আনা হয় বলে জানা গেছে। তবে অন্য এক চিকিৎসকের বরাতে জানা যায়, রাস লানুফে গত শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ২৬ জন নিহত হয়।বিরোধীদের জোট ন্যাশনাল কাউন্সিল গঠনের পর গতকাল প্রথমবারের মতো বৈঠকে বসেন এর সদস্যরা। তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। দুই সপ্তাহ আগে এই কাউন্সিল গঠিত হয়। ৩০ সদস্যবিশিষ্ট এই কাউন্সিলে গাদ্দাফির সরকার থেকে পদত্যাগী বিচারমন্ত্রী মুস্তাফা আবদেল জলিলকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।কাউন্সিলের মুখপাত্র মুস্তাফা ঘেরিয়ানি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক। নিজের কর্তৃত্ব ধরে রাখতে গাদ্দাফি এখনো জঘন্য হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন।’১৯৬৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে লিবিয়ার ক্ষমতায় আসেন গাদ্দাফি। তাঁর ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।