জাম, জামরুল, গোলাপজাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে এখন হরেক রকমের জামের জমজমাট সমারোহ। রাস্তাঘাটে, হাটবাজারে, পাড়ার মোড়ে এ ফলটি এখন সহজলভ্য। গ্রীষ্মের মৌসুমি ফল কালোজাম, গোলাপজাম, জামরুল। এই ফল Myrtaceae পরিবারভুক্ত। বৈজ্ঞানিক নাম যথাক্রমে Syzygium cumini, Syzygium jambose, Syzygium malaccense। তিনটি ফলের গাছের মধ্যে আকারে কালোজামের গাছ সর্ববৃহৎ, জামরুল ও গোলাপজামের গাছ মাঝারি আকারের। এ তিনটি গাছের মধ্যে রয়েছে দারুণ সাদৃশ্য। এই তিন গাছের পাতার আকার একই রকম। যেমন—একক পত্র, সবৃন্তক, জোড়ায় জোড়ায় বিপরীত দিকে বিন্যস্ত, জালিকা শিরাবিন্যাস। জামরুলের পাতা সর্ববৃহৎ এবং গোলাপজামের পাতা আকারের দিক থেকে চিকন।তিনটি গাছের ফুলও দেখতে একই রকম। বিচ্ছুরিত অসংখ্য পুংকেশরই ফুলের সৌন্দর্য বহন করে। আকারের দিক থেকে কালোজামের ফুল সবচেয়ে ছোট। জামরুল ও গোলাপজামের ফুলের আকার পরস্পর সমান। এ তিনটি ফুলই উভলিঙ্গ, অধোগর্ভ, পুষ্পবিন্যাস নিয়ত, বৃত্যাংশ চার, সংযুক্ত, সবুজ বর্ণ, দলাংশ চার, মুক্ত। বৃতি ও দল ক্ষণস্থায়ী। পুংকেশর অসংখ্য, গর্ভদণ্ড লম্বা। ফুলের রং সাদাটে।কালোজাম কচি অবস্থায় সবুজ, অপরিপক্ব পূর্ণাঙ্গ ফলের রং ম্যাজেন্টা, পরিপক্ব ফল কালো। এর বীজ একটি। আকার লম্বাটে। গোলাপজাম কচি অবস্থায় গাঢ় সবুজ, অপরিপক্ব ফল হালকা সবুজ; পরিপক্ব ফল হালকা হলদে সবুজাভ। ফলের আকার গোলাকার। গোলাপজামে একটি বা দুটি বীজ থাকে।জামরুলের প্রকারভেদ রয়েছে। সাদা, লাল, গোলাপি, সবুজ—এসব রঙের হয়ে থাকে। তবে সাদা জামরুল সহজলভ্য। জামরুলের আকৃতি ফানেলের মতো। ফলে দু-তিনটি বীজ থাকে। আবার বীজহীন ফলও দেখা যায়। এই তিনটি ফল খোসাসহ খাওয়া হয়। জামরুল সবচেয়ে রসাল, এরপর কালোজাম। গোলাপজাম অন্য দুটির মতো রসাল নয়।এই গাছগুলোতে ফুলও ধরে একই সময়ে—মার্চ মাসের দিকে। ফল পাওয়া যায় মে থেকে জুলাই পর্যন্ত। প্রতি ১০০ গ্রাম কালোজামে রয়েছে ৮৩ কিলোক্যালরি খাদ্যশক্তি; গোলাপজাম ও জামরুল প্রতিটিতে রয়েছে ৩৯ কিলোক্যালরি। পুষ্টিগুণে প্রতি ১০০ গ্রাম ফলে রয়েছে আমিষ, শ্বেতসার, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, ভিটামিন সি, ক্যালসিয়াম আয়রন, ক্যারোটিন ও ফসফরাস। কালোজামের রস রক্তবর্ধক।কালোজামের কাঠ দৃঢ়, দীর্ঘস্থায়ী ও আর্দ্রতাসহিষ্ণু। এ কাঠ আসবাব তৈরিতে ব্যবহূত হয়। জামরুলের কাঠ শক্ত হলেও আসবাব তৈরির উপযোগী নয়। জামরুল ও গোলাপজামের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহূত হয়।বীজ ও কলম দুটি উপায়েই এগুলোর চারা সংগ্রহ সম্ভব। জামরুল ও গোলাপজাম বাড়ির ছাদে, এমনকি মাটিতে অল্প জায়গাতেও চাষ করা যায়। গাছের দু-চার বছর বয়সে সুন্দর ফলন পাওয়া যায়। বাড়িতে, প্রতিষ্ঠানে, রাস্তার ধারে, উদ্যানে এসব ফলের গাছ লাগানো যায়।কান্তা রিমি রায়, সহযোগী অধ্যাপকদিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর[email protected]