জামগড়ায় সোয়েটার কারখানা বন্ধ
আশুলিয়ার জামগড়ার বাঁশতলায় অপেক্স নামের একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রমিকেরা কারখানায় এসে প্রধান ফটকে বন্ধের এই নোটিশ দেখতে পান। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ শ্রমিকদের সূত্রে জানান, কারখানার মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক ও প্রশাসনের ব্যবস্থাপকেরা শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে আসছিলেন। শ্রমিকেরা চাইলে ছুটি দেওয়া হতো না, বরং মারধর ও বরখাস্তের হুমকি দেওয়া হতো। এসব অভিযোগে ওই কর্মকর্তাদের অপসারণের দাবিতে গতকাল বুধবার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। দুপুরের পর তাঁরা বাড়ি চলে যান। পরে কর্তৃপক্ষ কারখানায় বিশৃঙ্খলা ও নাশকতার আশঙ্কায় গতকাল রাতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় এবং প্রধান ফটকে বন্ধের সেই নোটিশ ঝুলিয়ে দেয়। আজ শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে নোটিশটি দেখতে পান।আবদুল রশীদ আরও জানান, বন্ধের নোটিশ দেখার পর শ্রমিকেরা তাঁদের পাওনা পরিশোধ করার অথবা দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।