জামদানির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী বাংলাদেশি জামদানির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। গোলাম দস্তগীর গাজীর এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশীয় পণ্যকে উত্সাহিত করার জন্য আমি সব সময় জামদানি শাড়ি পরি। দেশীয় শাড়িকে ব্র্যান্ডিং করার জন্য আমি জামদানি পরি। বিদেশে যখন যাই, তখনও নিয়ে যাই।’জামদানির বিকাশে সরকার সংশ্লিষ্ট খাতে অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটার নামই ঢাকাই জামদানি। এটাকে আরও ছড়িয়ে দিতে হবে। জামদানি যে বাংলাদেশের পণ্য, তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে হবে। এর কপিরাইট যে আমাদের, তা আদায় করতে হবে।’ তিনি আরও বলেন, ‘জামদানি নিয়ে কম্পিটিশন রয়েছে। আমরাও সেই কম্পিটিশনে আছি। জামদানির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য যা যা করা দরকার, তা করে যাচ্ছি।’এ সময় স্পিকার আবদুল হামিদ জানান, সম্প্রতি বিদেশ সফরে গিয়ে তিনি ভারত ও পাকিস্তানের স্পিকারকে জামদানি উপহার দিয়েছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী অর্থবছরে বিসিএস ক্যাডার, নন-ক্যাডার পদে আনুমানিক ১১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। তিনি আরও জানান, বর্তমান সরকারের মেয়াদে এ পর্যন্ত ১১ হাজার ৩৬২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ৩২তম বিসিএস ক্যাডার পদে দুই হাজার ৮০৫টি, ৩৩তম বিসিএস ক্যাডার পদে আট হাজার ৭৭টি এবং ৩১তম বিসিএস নন-ক্যাডার পদে ১২৫টি ও নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন পদে আনুমানিক ৮০০টি পদ রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।আবদুস ছাত্তারের প্রশ্নের জবাবে সংসদনেতা জানান, পাটের জীবনরহস্যের (জেনম সিকোয়েন্সিং) তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক পেটেন্টের জন্য ওয়ার্ল্ড ইন্টেলেকটুয়াল প্রপার্টি অরগানাইজেশনে দুটি আবেদন জমা হয়েছে। এ পেটেন্ট পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বহু জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এ প্রতিষ্ঠানটি এ যাবত্ চারটি হাইব্রিডসহ মোট ৬১টি ধানজাত উদ্ভাবন করেছে। এ সফলতার পেছনে বিআরআরআইয়ের জিন ব্যাংকে রক্ষিত প্রায় আট হাজার দেশি ধান জাতের অবদান রয়েছে। দেশীয় ধান জাতগুলোর পেটেন্ট স্বীকৃতির জন্য ইতিমধ্যে ৫০০টি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হওয়ার পর পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করা হবে।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে সংসদনেতা জানান, ঢাকা মহানগরের বিভিন্ন রুটের বাস সার্ভিসে ইলেকট্রনিক টিকিটিং সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অচিরেই বিআরটিসির সব যানবাহনে এ পদ্ধতি চালু হবে।একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে মিরপুর থেকে বিমানবন্দর সড়কের ফ্লাইওভার ২০১৩ সালের মার্চে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ ছাড়া বনানী রেলক্রসিংয়ে ওভারপাস ও সংযোগ সড়ক চলতি বছরের ২২ ডিসেম্বর উন্মুক্ত করা হবে। বনানী-কুড়িল উড়ালসেতু এবং গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পথে। মগবাজার-মৌচাক উড়ালসেতুর কাজ শিগগিরই শুরু হবে। রাজধানী ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য দুটি ওয়াটার বাস নির্মাণ করা হয়েছে। প্রতিটি ওয়াটার বাসের ধারণ ক্ষমতা ৩৫ জন। তিন কোটি টাকা ব্যয়ে আরও চারটি ওয়াটার বাসের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে, ডিসেম্বরে এগুলো চালু করা হবে।