জামদানির দাম নাগালে রাখুন : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামদানি শাড়ি নিয়ে আরও গবেষণার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বাংলাদেশ জামদানি উত্পাদন ও রপ্তানিকারক সংস্থার (বিজিএমইএ) প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বিজিএমইএ প্রেসিডেন্ট এম আর মুস্তাক ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর ইউএনবির। শেখ হাসিনা বলেছেন, বিশ্ববাজারে টিকে থাকতে হলে জামদানি শাড়ির রং ও নকশা নিয়ে আরও গবেষণা করতে হবে। তাহলে আরো বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা যাবে। শেখ হাসিনা জামদানি শাড়ির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে বিজিএমইএ প্রতি আহ্বান জানান। তিনি শুধু শাড়ি তৈরি না করে জামদানি কাপড়ের বহুমুখী ব্যবহার করার কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জামদানি কাপড় দিয়ে কেবলমাত্র শাড়ি তৈরি না করে বিভিন্ন পণ্য তৈরি করলে ক্রেতারা বেশি আকৃষ্ট হবেন। কলকাতায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত জামদানি মেলা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা উপলক্ষে সেদেশে ওই মেলা হবে। মেলায় সহযোগিতা করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান বিজিএমইএ।