কক্সবাজারে আটক চার জঙ্গি পাঁচ দিনের রিমান্ডে
জামাআতুল আরাকানের মুখপত্রে পাকিস্তানি জঙ্গিদের লেখা
আত্-তাহরীদ নামের মাসিক পত্রিকাও ছিল ‘জামাআতুল আরাকানের’। সংগঠনের মুখপত্র হিসেবে পত্রিকাটি গোপন প্রেসে ছাপিয়ে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিক্রি ও বিতরণ করা হতো। আর তাতে সদস্যদের উজ্জীবিত করার জন্য আল-কায়েদাসহ বিদেশি জঙ্গিদের লেখা ও সাক্ষাৎকার বাংলায় অনুবাদ করে ছাপানো হয়।গত শনিবার রাতে কক্সবাজারে গ্রেপ্তার হওয়া এই সংগঠনের চার জঙ্গির কাছ থেকে উদ্ধার করা আত্-তাহরীদ পত্রিকা ঘেঁটে পুলিশ এ তথ্য প্রথম আলোকে জানিয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া চার জঙ্গি আবদুল্লাহ ওরফে আবদুল্লা হেল কাফি (২৫), ওমর ফারুক ওরফে কাজী ফারুক (৩৩), মো. রুবেল (১৮) ও আবদুল মতিনকে (৩৭) গতকাল সোমবার কক্সবাজারে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ শীলের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজারের জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘রিমান্ডে চার উগ্রপন্থীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের কাছে কিছু সাংগঠনিক কাগজপত্র, পুস্তিকা, মুখপত্র হিসেবে মাসিক পত্রিকা ও ডায়েরি পেয়েছি। মাসিক পত্রিকায় পাকিস্তানভিত্তিক আল-কায়েদার এক নেতার সাক্ষাৎকার রয়েছে। তাই দেশি-বিদেশি জঙ্গিদের সঙ্গে তাঁদের যোগসাজশ আছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি।’পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একাংশ ‘জামাআতুল আরাকান’ নামে নতুন করে সংগঠিত হচ্ছে। তারা বান্দরবান জেলার আলীকদমে দুর্গম পাহাড়ে ঘাঁটি গেড়ে প্রশিক্ষণ চালাচ্ছিল। এই জঙ্গিগোষ্ঠীর কিছু সদস্য পাকিস্তান হয়ে আফগানিস্তানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন—গোপন সূত্রে এ খবর পেয়ে কক্সবাজার পুলিশ শনিবার রাতে শহরের লালদীঘি, বাস টার্মিনাল ও বাহারছড়া এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। এ চারজনকে নিয়ে দু-এক দিনের মধ্যে বান্দরবানের গহিন পাহাড়ে তাঁদের ঘাটি শনাক্ত করতে যাবে পুলিশ। জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা ইতিমধ্যে অনেক তথ্য দিয়েছেন। তাঁদের তথ্যগুলো মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, রিমান্ডে চার জঙ্গির কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য বের করার চেষ্টা চলছে। দুজনের স্ত্রী পালিয়েছেন: পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে গ্রেপ্তার হওয়া চার জঙ্গির মধ্যে আবদুল্লা হেল কাফি ও ওমর ফারুকের স্ত্রী পরদিনই কক্সবাজার থেকে পালিয়ে গেছেন। এ দুই নারীর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ পেয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার জানান, জঙ্গিদের ঘনিষ্ঠ একজন ব্যক্তি এ দুই নারীকে ঢাকার গাড়িতে তুলে দেন বলে পরে খবর পাওয়া গেছে।