জামানের মৃত্যুর সঙ্গে পরিবারের স্বপ্ন ও প্রত্যাশার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. তৌহিদুজ্জামানের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলাসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে তাঁর মরদেহ করিমগঞ্জের নেয়ামতপুর ইউনিয়নের ভয়রা গ্রামে নিয়ে আসা হয়। এ সময় আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাঁকে দেখার জন্য প্রচণ্ড ভিড় করে।আজ বুধবার দুপুরে স্থানীয় দেওপুর রুছমত আলী বেপারী ঈদগাহ মাঠে জানাজার পর ঈদগাহ-সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ সময় অশ্রুসজল চোখে হাজার হাজার মানুষ দাফনে অংশ নেয়। বিকেল সাড়ে চারটার দিকে দাফন কাজ সম্পন্ন হয়।ভয়রা গ্রামের কৃষক বাচ্চু মিয়ার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট তৌফিকুজ্জামান। মেধাবী, শান্ত ও ভদ্র স্বভাবের কারণে তিনি এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। বন্ধুমহল থেকে পাড়া-প্রতিবেশীসহ এলাকার গণ্যমান্য সবার কাছে ছিল তাঁর অবাধ যাতায়াত। বড় দুই ভাই রাজন মিয়া (৩২) ও সাজন (২৯) ক্ষুদ্র ব্যবসা ও বোন তানজিলা আক্তারের (২৬) একটি ছোট চাকরিতে কোনো রকমে সংসার চলত। এ অবস্থায় পরিবারের সব স্বপ্ন ঘিরে ছিলেন তৌফিকুজ্জামান। নেয়ামতপুর উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পান মো. তৌহিদুজ্জামান। ২০০৯ সালে এইচএসসিতে জিপিএ-৪.৯৬ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। এর পর থেকে মো. তৌহিদুজ্জামানকে ঘিরে পরিবারের সদস্যদের স্বপ্ন ও প্রত্যাশা দিন দিন বড় হতে থাকে। এর মধ্যে গতকাল বিকেলে ঢাকার ব্যস্ত রাস্তা পার হতে গিয়ে রাজধানী এক্সপ্রেসের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি পরিবারের সাধ, স্বপ্ন ও প্রত্যাশার মৃত্যু ঘটল। নিহত জামানের বড় ভাই রাজন মিয়া জানান, ঈদের চার দিন আগে ১৬ আগস্ট শেষবারের মতো বাড়ি এসেছিলেন জামান। ঈদের ছুটি কাটিয়ে মাত্র দুদিন আগে গত রোববার (২৬ আগস্ট) ঢাকায় ফেরেন। এই দুদিনের ব্যবধানে তাঁর প্রিয় ভাইকে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।তৌফিকুজ্জামান মরদেহের সঙ্গে এসেছিলেন দুই বন্ধু জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের ছাত্র সাইদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র কৌশিক আহমেদ। তাঁরা সাংবাদিকদের জানান, জামান বড় ভালো বন্ধু ছিলেন। সমাজসচেতন একজন সহপাঠীকে হারিয়ে তাঁরা দিশেহারা।জানাজায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, বিএমএর কেন্দ্রীয় নেতা চিকিত্সক মাহবুব ইকবাল, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুসহ কয়েক হাজার শোকার্ত এলাকাবাসী অংশ নেয়। জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান জানাজায় অংশ নেয়া কয়েক হাজার মানুষ। এলাকাবাসী জানান, তৌফিকুজ্জামান একদিন বড় মানুষ হবে, বড় চাকরি করবে, সংসারের অভাব দূর করবে, এমনই স্বপ্ন ছিল পরিবারের সদস্যদের। এখন পরিবারের অবস্থা এমন দাড়িয়েছে যে এসব কোনো কিছুর দরকার ছিল না তাঁদের। জামান বেঁচে থাকাই যেন তাঁদের একমাত্র স্বপ্ন।জামানের বোন তানজিলা চিত্কার করতে করতে বলেন, ‘আপনারা আমার ভাইকে ফিরিয়ে দেন। আমরা আর কিছু চাই না।’