জামায়াত কার্যালয় ও পুলিশ ভ্যানে আগুন
হরতাল চলাকালে আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে জেলা জামায়াতের কার্যালয় ও ছাত্রশিবিরের ছাত্রাবাসে আগুন লাগিয়েছে হরতালবিরোধীরা । এর আগে দুপুরে জামায়াত-শিবিরের কর্মীরা গাইবান্ধা রিজার্ভ পুলিশের একটি ভ্যানে আগুন লাগিয়ে দেন। এ সময় পুলিশসহ তিনজন আহত হন। বেলা আড়াইটার দিকে গাইবান্ধা শহরে হরতালবিরোধী মিছিল থেকে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করা হয়। এ ঘটনার জের ধরে বিএনপির নেতা-কর্মীরাও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় পুলিশ বাধা দেয়। পরে হরতালবিরোধীরা জামায়াত কার্যালয় ও ছাত্রশিবিরের ছাত্রাবাসে অগ্নিসংযোগ করেন। গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।এদিকে দুপুরে পুলিশের গাড়িতে চালানো হামলায় পুলিশসহ তিনজন আহত হন। আহত পুলিশেরা হলেন হাবিলদার আখতার হোসেন ও অজ্ঞাতনামা কনস্টেবল। এছাড়া হামলায় স্থানীয় সাংবাদিক মাহামুদুল হাসান আহত হন। পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ শিবিরকর্মী শিহাব (১৮) ও এহসানকে (১৭) আটক করেছে। হরতালে বোনারপাড়া রেলস্টেশনে লালমনিরহাট থেকে সান্তাহারগামী একটি লোকাল ট্রেনকে দুই ঘণ্টা আটকে রাখা হয়।