জামায়াত ছাড়ুন, তবেই আলোচনা
জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার জন্য বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘যদি বিএনপি তা করে, তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনায় বসতে রাজি আছে।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় শাজাহান খান এসব কথা বলেন। ‘সার্ক কালচারাল সোসাইটি’ এবং ‘সোশাল অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ইমপ্লিমেন্টেশন’ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। খবর ইউএনবির।নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘বিএনপির সঙ্গে অবশ্যই আলোচনা হবে, কিন্তু এর আগে তাদের জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের সঙ্গ ছাড়তে হবে।’নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বাঁচাতে চায়, তারা সফল হতে পারবে না। এ দেশের মাটিতে তাদের বিচার অবশ্যই হবে।’