জামায়াত নিয়ে রিট নিষ্পত্তিতে বৃহত্তর বেঞ্চ গঠন
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা বিচারাধীন রিট আবেদন শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব কবির আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধান বিচারপতি আজ রোববার সন্ধ্যায় তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করেন। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে এই বেঞ্চ গঠন করা হয়।’এর আগে আজ দুপুর ১২টার দিকে সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বাংলাদেশ তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি ২০০৯ সালে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৭ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।ওই রিট আবেদনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে। রুলে আদালত রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আদালত সূত্র জানায়, ২০১১ সালে রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরবর্তী সময় ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারী পক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ ওই বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। ৭ মার্চ তা তালিকায় আসে।আজ সংশ্লিষ্ট আদালতের কার্যতালিকায় আবেদন শুনানির জন্য ছিল। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী তানিয়া আমীর এবং জামায়াতের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। শুনানিতে তানিয়া আমীর রিট আবেদনের বিষয়বস্তু তুলে ধরেন। অন্যদিকে আবদুর রাজ্জাক বলেন, কয়েকজন বিবাদী (জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেল) কারাগারে। প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন।