জামায়াত নিয়ে রিটের শুনানি ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি আগামী ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।জামায়াতের পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহত্তর বেঞ্চ এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন। একই সঙ্গে আদালত এ সময়ের আগে বিবাদী পক্ষকে রুলের জবাব দিতে বলেছেন। নির্বাচন কমিশন চাইলে তারাও রুলের জবাব দিতে পারে বলে উল্লেখ করেছেন আদালত।আদালতে জামায়াতের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী তানিয়া আমীর শুনানিতে অংশ নেন।এই রিট আবেদনটি আজ বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে ছিল। গতকাল রোববার এ বিষয়ে শুনানির জন্য বৃহত্তর বেঞ্চটি গঠন করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।গতকাল দুপুর ১২টার দিকে সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।বাংলাদেশ তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি ২০০৯ সালে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৭ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।ওই রিট আবেদনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে। রুলে আদালত রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।আদালত সূত্র জানায়, ২০১১ সালে রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরবর্তী সময় ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারী পক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ ওই বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। ৭ মার্চ তা তালিকায় আসে।