জামায়াত নিষিদ্ধে সময় বেঁধে দিল তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ মার্চের মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে তরুণ প্রজন্ম। শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে গতকাল বৃহস্পতিবার সরকারকে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়।আন্দোলনকারীরা মোট ছয়টি দাবি তুলে ধরে তা পূরণের জন্য সরকারকে আলটিমেটাম (সময়সীমা বেঁধে) দেন। তরুণ সমাজের বাকি দাবিগুলো হলো জামায়াত-শিবিরের হাতে নিহত চারজনের হত্যাকারীদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার। যুদ্ধাপরাধী সংগঠনগুলোর অর্থের উৎস এবং যেসব উৎস থেকে জঙ্গিবাদী, দেশবিরোধী তৎপরতার অর্থ জোগান দেওয়া হয়, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন। মানবতাবিরোধীদের বিচার-প্রক্রিয়া গতিশীল ও অব্যাহত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ী রূপ দেওয়া। গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তাণ্ডব বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ অভিযানে নামানো এবং সব সন্ত্রাসীকে গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও গোপন আস্তানা ধ্বংস করা। মানবতাবিরোধীদের রক্ষক এবং হত্যা ও সাম্প্রদায়িক উসকানিদাতা গণমাধ্যমগুলোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।গতকাল বিকেলে মহাসমাবেশ শুরুর আগেই শাহবাগ জনসমুদ্রে পরিণত হয়। ছাত্র-শিক্ষক, সাধারণ মানুষ, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রমিক, দিনমজুরসহ সর্বস্তরের মানুষ সেখানে সমবেত হন। বিকেলে সেই জনস্রোত ছাড়িয়ে যায় উত্তরে রূপসী বাংলা হোটেল, পশ্চিমে কাঁটাবন, দক্ষিণে টিএসসি ও পূর্বে রমনা উদ্যান পর্যন্ত। মাঝখানের গণজাগরণ মঞ্চ থেকে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে যত দূর চোখ গেছে কেবল ছিল মানুষ আর মানুষ। তাঁদের কারও হাতে জাতীয় পতাকা, কারও মাথায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্ল্যাকার্ড, কারও হাতে অমর একুশের বাণী। সবার কণ্ঠে স্লোগান, ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’। আর মাঝে মাঝেই বজ্রকণ্ঠে আওয়াজ ‘জয় বাংলা’। তবে বিকেল থেকে মহাসমাবেশে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা দাবি আদায়ের নতুন কর্মসূচি জানতে উদ্গ্রীব ছিলেন। সন্ধ্যায় গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করতে সরকারকে ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়ার ঘোষণা দিলে করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার এই প্রাণকেন্দ্র। অনেক বিদেশি নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিরাও সমাবেশে যোগ দেন। সমাবেশের নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। র‌্যাব-পুলিশের পাশাপাশি স্পেশাল সিকিউরিটি প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। বেলা সাড়ে তিনটায় মহাসমাবেশের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ ও ভাষার গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ পরিবেশিত হয়। লাখো মানুষ হূদয় নিংড়ানো স্বরে অসামান্য সেই সুরের সঙ্গে গলা মেলান। মহাসমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংহতি প্রকাশ করলেও মূলত বক্তব্য দেন এই আন্দোলনের উদ্যোক্তারাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। তাঁরা শুরুতেই এই আন্দোলন নিয়ে কয়েকটি গণমাধ্যম, ব্লগ ও অনলাইনে চালানো অপপ্রচারের নিন্দা জানান। সমাবেশ থেকে বলা হয়, এই আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়। এই আন্দোলন মানবতাবিরোধী অপরাধের বিচার ও স্বাধীনতাবিরোধী দল জামায়াতের বিরুদ্ধে। এই আন্দোলনের উদ্দেশ্য হলো ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তাঁর পত্রিকায় যা ইচ্ছা তাই লিখে যাচ্ছেন। তিনি মানবতাবিরোধী অপরাধীদের পক্ষ নিয়েছেন। মাহমুদুর রহমানকে হলুদ সাংবাদিক উল্লেখ করে সিদ্দিকী নাজমুল বলেন, তিনি এখনকার রাজাকার। প্রগতিশীলদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ওই অপশক্তির এমন অপতৎপরতা মানুষ সার্থক হতে দেবে না। ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ বলেন, ‘জামায়াতের প্রশ্নে বিএনপি নীরবতা পালন করছে। তারা যদি জামায়াতের সঙ্গ ত্যাগ না করে, তাহলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে। তাই বিএনপির কাছে আহ্বান, এখনো সময় আছে, জামায়াতের সঙ্গ ত্যাগ করে জনতার কাতারে আসুন। জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন।’সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান বলেন, জামায়াত-শিবির হাত-পায়ের রগ কেটে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে কোন ধরনের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়? জনগণকে তাদের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, ‘সরকারি ভবনে আমার দেশ নাম দিয়ে আমার পাকিস্তান পত্রিকা চালাচ্ছেন মাহমুদুর রহমান। তাঁকে সেখান থেকে সরাতে হবে। তাঁর মিথ্যাচার বন্ধ করতে হবে।’বাপ্পাদিত্য বলেন, ‘নিজামী ও মুজাহিদ মন্ত্রী থাকাকালে একজন উত্তরায় এবং একজন বনানীতে পাঁচ কাঠা করে সরকারি প্লট নিয়েছেন। সেখানে তাঁরা ছয়তলা ও আটতলা ভবন করেছেন। সরকারিভাবে দেওয়া ওই বরাদ্দ বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকে সরকারি যেসব আমানত জমা আছে, সেগুলো তুলে নিতে হবে। বঙ্গবন্ধুর নামে যে হাসপাতাল, সেখান থেকে গোলাম আযমকে সরিয়ে কারাগারের হাসপাতালে নিয়ে যেতে হবে। নিজামীর জামাতা লন্ডনে সংবাদ সম্মেলন করে ব্লগারদের নামে মিথ্যাচার করছেন। তাঁকে গ্রেপ্তার করে দেশে আনার ব্যবস্থা করতে হবে।’সভায় বক্তারা কাদের সিদ্দিকীর ভূমিকার কড়া সমালোচনা করে তাঁকে নব্য রাজাকার আখ্যা দেন। বক্তারা বলেন, জামায়াতের নেতারা নিজেদের সন্তানদের বিদেশে পড়ান। আর সাধারণ মানুষের ছেলেমেয়েদের আরবি শিক্ষা দেওয়ার জন্য ফতোয়া দেন। এরা একাত্তর সালে স্বাধীনতাযুদ্ধকে ভিন্ন খাতে প্রবাহের জন্য ফতোয়া দিয়েছিল, পাকিস্তান ভাগ হলে ইসলাম থাকবে না। কিন্তু আজ ঠিকই ইসলাম আছে এ দেশে।সভায় আরও বক্তব্য দেন যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিপ্লবী ছাত্র সংহতির সভাপতি রাশিদুল হাসান, বাংলাদেশ ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান খান, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সালমান রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসেন আহমেদ তফসির, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ প্রমুখ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার মামলার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে ৫ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু করেন তরুণেরা। নিরবচ্ছিন্ন, সুশৃঙ্খল এই আন্দোলন অসীম এক শক্তি দেখিয়েছে বাংলাদেশের মানুষকে। কোটি মানুষের হূদয় ছুঁয়েছেন চেতনার প্রদীপ জ্বালানো এই তরুণেরা। গতকাল এই সমাবেশের মাধ্যমে শাহবাগে টানা ১৭ দিনের কর্মসূচির অবসান হলো। মহাসমাবেশে দেওয়া বক্তব্যে এই আন্দোলন পরিচালনাকারী ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার আন্দোলনের পূর্বাপর অবস্থা তুলে ধরেন এবং তরুণদের ডাকে ঝাঁপিয়ে পড়ায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। কর্মসূচি ঘোষণার শুরুতে ইমরান বলেন, ‘৫ ফেব্রুয়ারি থেকে আমরা এই শাহবাগে। ৪২ বছর ধরে মানবতাবিরোধী অপরাধী, দেশবিরোধী জামায়াত-শিবির চক্রের বিরুদ্ধে বাঙালির হূদয়ের পুঞ্জীভূত ক্ষোভ-ক্রোধ-ঘৃণা আজ গগনবিদারী স্লোগানের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এই গণজাগরণ মঞ্চ থেকে।’ ১৭ দিনের অর্জনের কথা বলতে গিয়ে ইমরান বলেন, ‘১৭ দিন লাগাতার অবস্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছি। গণমানুষের এই আন্দোলন বৃথা যায়নি। নতুন প্রজন্মের হাত ধরে জাতি আজ মানবতাবিরোধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হয়েছে। আপিল করার সমান সুযোগ সৃষ্টি করতে সরকার বাধ্য হয়েছে। এখন ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। যুদ্ধাপরাধী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে।’ এরপর ইমরান সরকার ছয় দফা দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।