জামায়াত নিষিদ্ধে সরকার দ্বিধাগ্রস্ত: বিবিসির সংলাপে বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নিষিদ্ধ করার ব্যাপারে সরকার দ্বিধাগ্রস্ত বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বাংলা একাডেমী মিলনায়তনে আয়োজিত বিবিসি সংলাপে এই মত দেন দর্শক ও অতিথিরা। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান এই অভিযোগ অস্বীকার করেছেন। এবারের সংলাপে অতিথি আলোচক ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের সভাপতি এন এম মুনিরুজ্জামান। সংলাপে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে গণজাগরণ মঞ্চের দেওয়া ২৬ মার্চের সময়সীমা চলে গেলেও জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সরকার দ্বিধাগ্রস্ত কি না, এমন প্রশ্ন করেন এক দর্শক। এ সময় মুনিরুজ্জামান বলেন, ‘দুই দলই জামায়াতকে নিয়ে রাজনীতি করেছে। সরকার জামায়াত নিষিদ্ধের ব্যাপারে দ্বিধাগ্রস্ত, কারণ তাকে ভোটের রাজনীতি চিন্তা করতে হচ্ছে।’ আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার জামায়াত নিষিদ্ধ করতে চায় না।’ সুলতানা কামাল বলেন, ‘একাত্তরে হানাদার বাহিনীর সঙ্গে গণহত্যায় অংশ নিয়েছে জামায়াত। ৭৫-পরবর্তী সময় তাদের ভূমিকা সন্ত্রাসীদের। কাজেই তাদের অবশ্যই নিষিদ্ধ করা উচিত।’ ফারুক খান বলেন, ‘তরুণরা যে দাবি করেছে সেটা যৌক্তিক। তবে সরকারকে আইনকানুন মেনে কাজ করতে হয়। কাজেই কোন আইনে জামায়াত নিষিদ্ধ হবে সরকার সেটি বিবেচনা করছে।’ সংলাপের শুরুতেই সেনাবাহিনী সম্পর্কে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রসঙ্গে প্রশ্ন করেন এক দর্শক। জবাবে সুলতানা কামাল বলেন, ‘রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে না করে সেনাবাহিনীর দ্বারস্থ হওয়া অবশ্যই দেউলিয়াত্বের প্রকাশ। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় সেনাবাহিনীর কাজ প্রতিরক্ষার দায়িত্ব পালন করা। তারা নিজের উদ্যোগে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। আজকে যদি কেউ বলে, রাজনীতিবিদরা ব্যর্থ এখন আইনজীবীরা দায়িত্ব পালন করবেন, সেটি যেমন হাস্যকর, তেমনি সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার বিষয়টিও হাস্যকর।’মুনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের কথা নতুন কিছু নয়। এটি রাজনৈতিক দেউলিয়াত্ব। আর এ ধরনের কথা বললে সেনাবাহিনী দ্বন্দ্বের মধ্যে পড়ে।’ আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সেনাবাহিনী কোনো বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করেন না। তবে রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদেরই করা উচিত।’ ফারুক খান বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সেনাবাহিনী নিয়ে এমন উসকানিমূলক কথা বলা উচিত নয়।’