জামায়াত নিষিদ্ধে সরকারের অবস্থান পরিষ্কারের দাবি
রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি ও সহিংস আগ্রাসন পরিচালনার দায়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে তাদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়েছে। আজ শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এ দাবি জানায়। একই সঙ্গে জামায়াতের আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদের সহায়ক শক্তি হিসেবে ব্যবহূত হতে না পারে, সেজন্য নিবিড় রাষ্ট্রীয় সতর্কতার দাবি জানিয়েছে সংগঠন তিনটি।যৌথ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় সারা দেশে একাত্তরের পরাজিত পাকিস্তানপন্থী মৌলবাদী চক্রের পরিকল্পিত হামলায় সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির-প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বেশির ভাগ জায়গায় সংখ্যালঘু গ্রামগুলোতে হামলার সময় ও পরে স্থানীয় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরাও আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, সংগঠন তিনটি মনে করে, জামায়াত কোনো গণতান্ত্রিক দল নয়, বরং সন্ত্রাসী সংগঠন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতাবিরোধীদের নজিরবিহীন সহিংসতার নিন্দা না জানিয়ে বিরোধীদলীয় নেতা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাণ্ডবকারীদের সংঘর্ষে প্রাণহানিকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন। এতে তিনি পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামসদের হাতে সংঘটিত ঐতিহাসিক গণহত্যাকে আড়াল করার চেষ্টা করছেন। এটা চরম দুর্ভাগ্যজনক।সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার বলেন, সত্তরের নির্বাচনের পর জামায়াত ক্যান্টনমেন্টে বসে পাকিস্তানি সেনাদের সঙ্গে ষড়যন্ত্র করত। পাকিস্তানি সেনাদের গণহত্যা ও অপকর্মে তারা সাহায্য করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের চিনিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু তাদের রাজনীতি নিষিদ্ধ করেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে আবার তাদের রাজনীতি করার সুযোগ করে দেন। তিনি বলেন, ‘যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের এদেশে রাজনীতি করা তো দূরের কথা, আমি মনে করি, তাদের এ দেশের থাকারও অধিকার নেই।’সরকারের প্রতি জামায়াত নিষিদ্ধের আহ্বান জানিয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ‘জামায়াতকে বেআইনি ঘোষণা করুন। তাহলে দেশের মানুষ তাদের প্রতিরোধ করবে। ইতিমধ্যেই এ নিয়ে নাগরিক সমাজের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে। সরকারের উচিত ছিল আরও আগে জামায়াত নিষিদ্ধের বিষয়ে নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসা।’জামায়াতকে এখনো নিষিদ্ধ না করায় হতাশা ব্যক্ত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আশা করি জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি, উপাসনালয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাদের বাড়িঘর আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গে যেসব স্থানীয় প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহি ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এ ছাড়া সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সব সাক্ষী ও তাঁদের পরিবারের পূর্ণ নিরাপত্তা প্রদান এবং রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবিও জানানো হয়।যৌথ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। লিখিত বক্তব্য পড়েন সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব ও সাংবাদিক হারুন হাবীব।