জামায়াত নেতা আতাউর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুর থেকে গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগর শাখার আমির আতাউর রহমানসহ দুজনকে বোমা, ককটেলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার রাজশাহী বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্র জানায়, জামায়াতের নেতা আতাউর রহমান সহযোগী জুয়েলকে নিয়ে রাজশাহী থেকে বিকেল পৌনে পাঁচটায় কল্যাণপুরে বাস থেকে নামেন। এ সময় র‌্যাব-৪-এর একটি দল তাঁদের আটক করে। তাঁদের ব্যাগ তল্লাশি করে ককটেল, বোমা ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে তাঁদের র‌্যাব-৪-এর পাইকপাড়ার কার্যালয়ে নেওয়া হয়। র‌্যাব-৪-এর পরিচালক কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, ওই দুজনের কাছ থেকে ২০টি বোমা, ককটেল ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর থানায় মামলা করা হবে।আজ রাজশাহীতে হরতাল আহ্বান: গতকাল রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মাদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অভিযোগ ছাড়াই আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগের সব জেলা আমিরের সিদ্ধান্তের আলোকে বুধবার (আজ) বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হলো।এদিকে রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরে সিটি কলেজের সামনে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা মিছিল নিয়ে সোনাদিঘীর মোড়ে গিয়ে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় একই সময়ে তালাইমারী এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে একটি ট্রাক ও একটি অটোরিকশা ভাঙচুর করে।