জামায়াত নেতা রাজ্জাকের চেম্বারে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট মার্কেটে আজ শনিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে প্রায় ১০ মিনিটের মতো অবস্থান করে কাউকে গ্রেপ্তার না করে পুলিশ বের হয়ে চলে যায়। সূত্র জানায়, আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নূরুন্নবীর নেতৃত্বে পোশাকে ও সাদা পোশাকে এক দল পুলিশ আবদুর রাজ্জাকের চেম্বারে ঢোকে। এ সময় আবদুর রাজ্জাক অন্য আইনজীবীদের নিয়ে বৈঠক করছিলেন। পুলিশ ঢুকে আইনজীবী মতিউর রহমান আখন্দ ও ঢাকা মহানগর জামায়াত ইসলামীর সহকারী সম্পাদক শফিকুল ইসলাম মাসুদকে খুঁজতে থাকে। আবদুর রাজ্জাক তখন পুলিশকে জানান, মতিউর তাঁদের সঙ্গে বৈঠকে আছেন কিন্তু শফিকুল নেই। পুলিশ মতিউরকে গ্রেপ্তারের কথা জানালে রাজ্জাক তখন পুলিশকে বলেন, ‘মতিউর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিবাদীপক্ষের আইনজীবী দলের সদস্য। আপনারা কি আসামিপক্ষের আইনজীবীদের হয়রানি করতে চান?’ ওই সময় পুলিশ ‘কথা বলে দেখি’ বলে কাউকে গ্রেপ্তার না করে বের হয়ে যায়। ওই চেম্বারের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, কয়েকজন পুলিশ ভেতরে ঢুকলেও মার্কেটের সিঁড়িতে শতাধিক পুলিশ অবস্থান করছিল। কী অভিযোগে তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ এসেছিল, তা পরিষ্কার নয়। পুলিশ শুধু বলেছে, ‘ওপরের নির্দেশ আছে।’ তাজুল ইসলাম বলেন, ‘আইনজীবীদের কার্যালয়ে পুলিশের এমন অতর্কিত প্রবেশ আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না।’ ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য সেখানে অভিযান চালানো হয়েছিল। তবে তাকে পাওয়া যায়নি।’