জামায়াত নেতা শফিকুর রহমান রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে করা রাজধানীর হাজারীবাগ থানার একটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান এই আদেশ দেন। আসামির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আসামি শফিকুর রহমানকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, শফিকুরের ধানমন্ডির বাসার শোবারঘর থেকে ১০টি ককটেল ও ককটেলসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি দেশে নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত এবং নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক ও মশিউল আলম।আইনজীবীরা আদালতকে বলেন, কোনো আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আনার কথা থাকলেও শফিকুর রহমানকে ৪০ ঘণ্টা পর আদালতে হাজির করা হয়েছে। গত বুধবার ভোররাতে ধানমন্ডির বাসা থেকে শফিকুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনজীবীরা দাবি করেন।জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাঁর অন্যতম সহকারী এ টি এম আজহারুল ইসলামকে। কিন্তু গত আগস্টে আজহারুল ইসলামকে একই অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হলে শফিকুর রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়।