জামায়াত নেতাকে ধরতে গিয়ে গুলিতে প্রাণ হারাল পুলিশ
খুলনার কয়রা উপজেলায় জামায়াত নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। তাঁর নাম মফিজুল ইসলাম (৫০)। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামে এ ঘটনা ঘটে। মফিজুলের বাড়ি নড়াইলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামায়াতের ডাকা গত সোম ও মঙ্গলবার হরতাল চলাকালে সহিংসতার ঘটনায় কয়রা থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার আসামি জামায়াত নেতা আবদুর রশিদ ও গণি সরদারকে ধরতে গতকাল রাতে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামে অভিযান চালায় কয়রা আংটিহারা ক্যাম্পের পুলিশের একটি দল। প্রথমে পুলিশ গণি সরদারকে গ্রেপ্তার করে। এরপর আবদুর রশিদকে ধরতে গেলে জামায়াতের নেতাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে গ্রামের মসজিদ থেকে মাইকিং করা হয়। এর পরপরই গ্রামবাসী পুলিশকে ঘিরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে কনস্টেবল মফিজুলের পায়ে গুলি লাগে। তখন গুলিবিদ্ধ সহকর্মীকে নিয়ে পিছু হটে পুলিশ। ঘটনাস্থল থেকে রাত আড়াইটার দিকে তাঁকে কাঁধে করে এক কিলোমিটার দূরে আংটিহারা পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। সেখান থেকে ট্রলারে করে কয়রা সদরে নেওয়ার পথে হরিহরপুর নামক এলাকায় মফিজুল মারা যান। এ ছাড়া পাল্টাপাল্টি গুলি ছোড়ার ঘটনায় গোলবুনিয়া গ্রামের আবুল বাশার মোড়ল (৫২), মহিবুল্লাহ গাজী (১৮), হালিমা বেগম (৪০), জাহেদা বেগম (৪৫), সাহিদা বেগম (৪৫), জাহানারা বেগম (৩৬) ও মেহেরুন নেছা (৩৫) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী গোলখালী গ্রামের আবদুর রউফ শেখ (৪২) বলেন, ‘হরতালের কেসে আংটিহারা ক্যাম্পেত্তে ১২-১৩ জন পুলিশ আসে জামায়াতের নেতা গণি সরদার ও আবদুর রশীদ সরদারকে ধরার পরে তাগে লোকজন মসজিদির মাইকি বলে পুলিশ আমাগে ওপর হামলা করেছে, তুমাগে কাছে যা আছে তাই নিয়ে আগোয়ে আসো। এরপর মেলা লোক আসে পুলিশির ওপর ঝাঁপায়ে পড়ে। দুয়ো পক্ষেই গুলি করেছে।’কয়রা উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসাইন দাবি করেন, আওয়ামী লীগের সমর্থক ও সুন্দরবনের ডাকাতরা মিলে পুলিশের ওপর এই হামলা করেছে। এখানে জামায়াতের কেউ জড়িত না। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে জামায়াতের সমর্থকেরা আটক করা দুজনকে ছাড়িয়ে নিয়েছে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়লে কনস্টেবল মফিজুলের পায়ে গুলি লাগে। তাঁকে জায়গির মহল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।