জামায়াত নেতার আগাম জামিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির তদবির
যশোরের মনিরামপুর উপজেলার ৬২টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার আসামি জেলা জামায়াতের শুরা সদস্য গাজী এনামুল হকের আগাম জামিনের জন্য সুপারিশ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হলে পরে সুপারিশ প্রত্যাহার করে নেওয়া হয়।রাষ্ট্রপক্ষের ওই কৌঁসুলির (পিপি) নাম এ জেড এম ফিরোজ। তিনি একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আজ বুধবার আদালতের মুখ্য বিচারিক হাকিমের খাস কামরায় গিয়ে তিনি জামায়াতের ওই নেতার আগাম জামিনের জন্য তদবির করেন। পরে জামিনের আবেদন (সারেন্ডার পিটিশান) প্রত্যাহার করা হয়।আদালত সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ রাতে জামায়াত-শিবিরের উসকানিতে মনিরামপুরের জয়পুর গ্রামে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় গুলিতে জামায়াতের এক সমর্থক নিহত হন। প্রতিবাদে পরদিন হরতাল দিয়ে উপজেলার কয়েকটি গ্রামে আওয়ামী লীগ-সমর্থিত ৬২টি পরিবারের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ৩০ মার্চ স্থানীয় আওয়ামী লীগের নেতা ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম মনিরামপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। ওই মামলায় জামায়াতের নেতা আইনজীবী গাজী এনামুল হককে আসামি করা হয়। আজ এনামুলের পক্ষে আগাম জামিনের আবেদন করা হয়। পরে এ জেড এম ফিরোজ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিব ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর মুখ্য বিচারিক হাকিমের খাস কামরায় গিয়ে জামিনের জন্য তদবির করেন। এ ব্যাপারে জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবদুস শহীদ লাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘পিপি এ জেড এম ফিরোজ, শরীফ আবদুর রাকিব ও আবদুল গফুরকে মুখ্য বিচারিক হাকিমের খাস কামরায় যেতে দেখেছি। পরে জেনেছি জামিন অযোগ্য মামলায় জামায়াতের নেতার আগাম জামিনের জন্য তাঁরা বিচারিক হাকিমকে তদবির করেছেন, যা রীতিমতো অনৈতিক।’এ ব্যাপারে জানতে চাইলে এ জেড এম ফিরোজ বলেন, ‘জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হিসেবে আমি ও সাবেক সভাপতি হিসেবে রাকিব এ জামিনের ব্যাপারে তদবির করতে গিয়েছিলাম। পরে অবশ্য বিষয়টি কোর্টের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।’