জামায়াত নেতার দম্ভোক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় স্থানীয় একটি মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে পাথরঘাটা শহরের বরইতলা এলাকায় আদর্শ দাখিল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বাধা দিয়ে মাদ্রাসাটির সুপার ও পাথরঘাটা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন গাজী দম্ভোক্তি করে বলেন, ‘এ মাদ্রাসা এলাকায় ফুল দিয়ে কোনো পূজা চলবে না। এই মাদ্রাসা আমার, তাই আমার আইন চলবে।’ এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার সুপার শাহাদাত হোসেন গাজী আজ মঙ্গলবার সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এলাকার মুসল্লিরা আমাকে ফোন করে জানালে আমি সেখানে যাই এবং অনুষ্ঠান করতে বাধা দেই। তবে আমি শহীদ মিনার ভাঙচুর করিনি।’ এ রকম একটি অনুষ্ঠানে কেন বাধা দিলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাথরঘাটার কোনো মাদ্রাসায়ই এ অনুষ্ঠান পালিত হয় না বলে বাধা দিয়েছি।’ স্থানীয় মারুফ, তাওহীদ, অলি, জহিরসহ বেশ কয়েকজন যুবক ও কিশোর জানায়, ২০ ফেব্রুয়ারি সকাল থেকে মাদ্রাসা মাঠের এক পাশে তারা কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয়। রশিতে রঙিন কাগজ লাগিয়ে মাঠ সুসজ্জিতও করছিল ওই এলাকার ছেলেরা। এ কাজে সন্ধ্যার দিকে প্রথমে বাধা দেন আদর্শ দাখিল মহিলা মাদ্রাসার সুপার শাহাদাত হোসেন গাজী। কিন্তু ছেলেরা বাধা না শুনে সেখানে অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখলে রাত পৌনে ১১টার দিকে তিনি নিজে সেখানে যান। ওই শিশু-কিশোরদের সামনেই শহীদ মিনারটির স্তম্ভগুলোকে উপড়ে ফেলেন এবং দম্ভোক্তি করেন।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বলেন, ‘অস্থায়ী শহীদ মিনার ভাঙচুরের বিষয়টি আমরা দেখিনি। তবে মাদ্রাসার সুপার অনুষ্ঠান করতে বাধা দিয়েছে শুনে আমরা রাতে সেখানে গিয়েছিলাম । এখন কোনো সমস্যা নেই। সেখানে অনুষ্ঠান হচ্ছে।’